সাফটা মিনিস্টারিয়াল কাউন্সিল সভায় বাণিজ্যমন্ত্রী

সাফটা প্রতিষ্ঠার আট বছর পরও সার্কভূক্ত দেশগুলো লক্ষ্যে পৌঁছাতে পারেনি

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:১০
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সাফটা প্রতিষ্ঠার আট বছর পরও সার্কভূক্ত দেশগুলো অন্যান্য বাণিজ্যিক জোটের মতো নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অথচ বাণিজ্য বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফটা মিনিস্টারিয়াল কাউন্সিল কমিটির ৮ম সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সামনে অনেক বাধা রয়েছে। এ বাধাগুলো দূর করতে হবে। আমাদের সদস্য দেশগুলোর নিয়ন্ত্রিত অনেক পণ্য রয়েছে। এ নিয়ন্ত্রিত পণ্যের সংখ্যা কমিয়ে সার্কভুক্ত এবং এলডিসিভুক্ত দেশগুলোতে বাণিজ্য বৃদ্ধি করতে হবে। সাফটার অধীনে সেবাখাত নিয়ে চলমান আলোচনা দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর পণ্যের পাশাপাশি সেবা খাতকে কাজে লাগিয়ে অর্থনীতিতে গতির সঞ্চার করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ভূটানের প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সাথে মতবিনিময় করেন। ্পরে তোফায়েল আহমেদ নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এ সময় দু‘দেশের বাণিজ্য, বিনিয়োগ, জলবিদ্যুত্ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাস্পরিক স্বার্থ সংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।