তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'বাংলাদেশ জাতীয় সংসদকে বিশ্বের আধুনিকতম ডিজিটাল সংসদ হিসেবে গড়ে তোলা হবে।' বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে ৬ দিনের 'ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয়, এটুআই প্রোগ্রাম ও আইসিটি ডিভিশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
তিনি বলেন, 'এ সংসদ হবে বিশ্বে ডিজিটাল সংসদের অনুকরণীয় দৃষ্টান্ত। আর এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নতুন চিন্তার দ্বার উন্মোচন করেন। তিনি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তবতা। ২০২১ সালের মধ্যেই সংসদ সদস্যগণ যে কোন স্থান হতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংসদ কার্যক্রমে অংশ নিতে সক্ষম হবেন বলে আশা করি।'
আরও পড়ুন: বঙ্গতে বিনামূল্যে বিশ্বকাপ খেলার ‘হাইলাইটস’
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এম এন জিয়াউল আলম। এছাড়া বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, সংসদ সচিবালয়ের উপসচিব (ট্রেনিং এন্ড প্রিভিলেইজ) এস এম মঞ্জুর। সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) এ ওয়াই এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত সচিব (এ এস) নুরুজ্জামান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
