ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি আদালতে দেশটির অন্যতম প্রধান এক বিরোধী নেতা লিওপোলদো লোপেজের (৪৩) বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভকে উস্কে দেয়ার অভিযোগ রয়েছে। এদিকে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনগণকে আরো প্ররোচিত করতে সক্রিয় ভূমিকা পালন করায় তাকে গত ১৮ ফেব্রুয়ারি থেকে জেলে আটক করে রাখা হয়েছে। তবে লোপেজ সে সময় নিজেই কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। দেশটিতে মুদ্রাস্ফীতি ও অপরাধ বেড়ে যাওয়ায় এ বছরের শুরুর দিকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সে সময় কয়েক মাস ধরে বিক্ষোভ অব্যাহত থাকে। দেশে যারা গণতান্ত্রিক পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের জেলে দেয়ায় সে সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সমালোচনা করেন লোপেজ।
