কিশোরের মুখে ২৩২টি দাঁত
ভারতে ১৭ বছর বয়সী এক বালকের মুখে অস্ত্রোপচার করে ২৩২টি দাঁত অপসারণ করেছেন চিকিত্সকরা। বাড়তি দাঁতগুলো অপসারণের পর বেশ সুস্থই আছে বালক আশিক। তার মুখে এখনো ২৮টি দাঁত রয়েছে। মুম্বাইয়ের জে. জে. হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডা. সুনন্দা দিওয়ারি বিবিসিকে বলেন, আশিকের ডান চোয়ালে সাত ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার চালিয়ে দাঁতগুলো বের করা হয়। মুম্বাইয়ের ঐ হাসপাতালে সোমবার আশিকের মুখে অস্ত্রোপচার হয়। তার মুখে এতগুলো অতিরিক্ত দাঁত থাকাকে ‘বিরল ঘটনা’ বলে দাবি করেন চিকিত্সকরা। —বিবিসি
এবোলায় আক্রান্ত চিকিত্সক
পশ্চিম অফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘এবোলা’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিয়েরা লিওনে এ ভাইরাসজনিত রোগেরই খ্যাতনামা চিকিত্সক শেখ উমর খান। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এ খবর দিয়েছে বলে বুধবার জানিয়েছে ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা। এবোলা ভাইরাস প্রতিরোধে ৩৯ বছর বয়সী চিকিত্সক উমর নিজেই সরকারি হাসপাতালে অন্তত একশ’ এবোলা রোগীর চিকিত্সা করেছেন। তবে তার দেহে কীভাবে ভাইরাসটি এসেছে তা পরিষ্কার নয়।
নেতানিয়াহুর উইকিপিডিয়া পৃষ্ঠায় ফিলিস্তিনি পতাকা!
গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে চলা লড়াই তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বকোষ উইকিপিডিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবনীভিত্তিক তথ্যপাতা কিছুক্ষণের জন্য বিশাল একটি ফিলিস্তিনি পতাকায় ঢেকে গিয়েছিল। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক দর্শণার্থী নেতানিয়াহুর পাতার জায়গায় প্রায় এক ঘন্টা ধরে ফিলিস্তিনি পতাকাটি লক্ষ্য করেন।—টাইমস অনলাইন
