মো ফারাহর কমনওয়েলথ গেমস শেষ

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৩
সাম্প্রতিক অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলিম্পিকে ডাবল স্বর্ণজয়ী মো ফারাহ। লন্ডন অলিম্পিকে ৫,০০০ এবং ১০,০০০ মিটারে স্বর্ণজয়ী যুক্তরাজ্যের এই তারকা দৌড়বিদ স্কটল্যান্ডে কমনওয়েলথ আসরেও দুই ইভেন্টেই নাম লিখিয়েছিলেন। কিন্তু পুরো ফিট হতে না পারায় শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিতে হয়েছে তাকে। তবে এই সময়ে ফারাহ অনুশীলন ক্যাম্পেই থাকবেন। জুরিখে আগষ্টে অনুষ্ঠেয় ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপের জন্য নিজেকে প্রস্তুত করবেন তিনি। কমনওয়েলথ গেমস থেকে নিজেকে প্রত্যাহার করার ব্যাপারে তিনি বলেছেন, ‘এটা অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। দু’সপ্তাহ আগে অসুস্থতায় পড়েছিলাম, এটাই ছিল বড় ধাক্কা। আমার অনুশীলন ভালই হচ্ছিল। কিন্তু ২০১২ এবং ২০১৩ সালের অবস্থার মতো ফিরতে আমার আরো কয়েকটা দিন প্রয়োজন ছিল।’ ফারাহ আরও বলেন, ‘সত্যিকার অর্থেই আমি চেয়েছিলাম অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপের মেডেলের সঙ্গে কমনওয়েলথের টাইটেলও যোগ করা। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ইভেন্টটা শুরু হয়ে যাওয়ায় এটা আমার জন্য দ্রুত হয়ে গেছে। আমার শরীর আমাকে বলছে, দৌড়ের জন্য প্রস্তুত নয়।’ কমনওয়েলথ গেমস থেকে বেশ ক’জন অ্যাথলেটই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ফারাহর নাম প্রত্যাহার আসরের জন্য সর্বশেষ ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের কারণে ১০০ মিটারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্ল্যাকও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পায়ের ইনজুরির কারণে মহিলা হেপট্যাথলন থেকে সোমবার নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের জনসন-থমসন। এছাড়া আইজল অব ম্যানের (বৃটিশ স্বায়ত্তশাসিত অঞ্চল) তারকা সাইক্লিস্ট মার্ক ক্যাভেনডিস কাঁধের ইনজুরির কারণে কমনওয়েথ গেমসে খেলছেন না। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপে নজর দিতে ১০০ মিটার স্প্রিন্টে কমনওয়েলথ গেমস খেলছেন না জেসিকা ইনিস-হিল, হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন্স সাইক্লিস্ট ওয়ালসের বেকে জেমস। নিষেধাজ্ঞার কারণে অংশগ্রহণ করতে পারছেন না ১০০ মিটার স্প্রিন্টে খেলতে পারছেন না জ্যামাইকার অ্যাসাফা পাওয়েল।