ফন গলের ইউনাইটেডের দুরন্ত সূচনা

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৩
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার লুই ফন গল জয়ী সূচনা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থানীয় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিরুদ্ধে ৭-০ গোলে জয়টিতে তারকা স্ট্রাইকার ওয়েন রুনি জ্বলে উঠে দুই গোল দেন। এছাড়াও দুটি করে গোল দেন উইঙ্গার অ্যাশলি ইয়ং ও অভিষেক নেয়া ২০ বছরের ডিফেন্ডার রিচ জেমস। অপর গোলটি দেন স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক। আগামী মাসে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতি হিসেবে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড যুক্তরাষ্ট্র সফর করছে। তবে সফরে থাকা অপর দুই বড় দল চেলসি ও লিভারপুল গত বুধবার রাতে অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রে খেলতে নামলেও অমন সৌভাগ্যের মুখ দেখেনি। অস্ট্রিয়ার দুর্বল দল আরজে পেলেটের মাঠে চেলসি ফরাসি কিশোর বোগার শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করতে সক্ষম হয়। কিন্তু রোমার মাঠে ০-১ গোলে পরাস্ত হতে হয় লিভারপুলকে। কোচ ফন গলের দল ৮৬,৪৩২ জন দর্শকের সামনে খেলতে নামে। ইউনাইটেড বর্তমান সফরে যুক্তরাষ্ট্রে যে চারটি প্রীতি ম্যাচ খেলবে এটি ছিল তার প্রথমটি। ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু প্যাসাডেনা রোজ বোলের এ দর্শকরা অবশ্য গলকে মাঠে আসা মাত্রই বিপুলভাবে সম্ভাষণ জানায়। সফরকারীরা প্রথমার্ধেই তিন গোলে এগিয়েছিল। রুনি ৪১ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করার পর বিরতির ঠিক আগেই অপর গোলটি করেন। এর আগে ১৩ মিনিটে গোলের সূচনা করেন ওয়েলব্যাক। বিরতির পর খেলা শুরু হলে জেমস ৬২ ও ৮৪ এবং ইয়ং শেষ দুই মিনিটে নিজের গোলগুলো করেন। নেদারল্যান্ডসকে ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থান পাইয়ে দেয়া এই ডাচ কোচ অবশ্য বড় জয়টির পরও সন্তুষ্ট নন। তিনি জানিয়েছেন প্রিমিয়ার লিগ মৌসুমে তিনি তিনজনের সেন্ট্রাল ডিফেন্ড খেলাবেন। এতে করে তিনি একজন বাড়তি সেন্ট্রাল ফরোয়ার্ড খেলাতে পারবেন। ৬২ বছর বয়সী ফন গল অবশ্য জানিয়েছেন যে পূর্বসূরী ডেভিড ময়েসের কাছ থেকে তিনি যে দল পেয়েছেন তাতে ভারসাম্যের ঘাটতি রয়েছে। গল বলেন,‘আমরা নতুন একটা কৌশল প্রয়োগ করেছি। এটা আমরা মাঠে কেবল দু’বার অনুশীলন করি। তবে ছেলেরা উত্সাহী। আজ তারা যে নৈপুণ্য দেখালো তা দারুণ। আজ এমন ১০ জন খেললো যারা কিনা এ সপ্তাহে এমনকি আমাদের অনুশীলন কেন্দ্রেই ছিল না। যখন আপনি কোন কৌশল বদলাতে চাইবেন, তাত্ক্ষণিকভাবেই তা চালু করে দিতে হবে।’ ম্যানচেষ্টার ইউনাইটেড শনিবার ডেনভারে এএস রোমার মুখোমুখি হবে। এরপর ওয়াশিংটনে ২৯ জুলাই ইন্টারমিলান এবং ২ আগস্ট ডেট্রয়েটে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে। এদিকে লিভারপুল তাদের বর্তমান যুক্তরাষ্ট্র সফরে রোমার কাছে হেরে যাওয়ায় বছরের শুরুতেই ট্রফি জয়ের সুযোগ হারালো। কেননা ড্যানিয়েল অ্যাগার্সের শেষ মুহূর্তের আত্মঘাতী গোলেই কপাল পোড়ে কোচ ব্রেন্ডন রজার্সের দল। এই হারে রোমা বুইক ট্রফি জিতে নেয়। চেলসিকে অস্ট্রিয়ায় প্রাক মৌসুম সফরে ড্র এনে দেয়া খেলাটিতে গোল করেই সাড়া ফেলে দেন বোগা। ১৯৯৭ সালে জন্ম নেয়া এই অ্যাটাকিং মিডফিল্ডারটি চেলসিতে যোগ দেন অনূর্ধ্ব ১২ দলে। এরপর মাত্র ১৫ বছর বয়সেই রিজার্ভ দলে জায়গা পান। এরপর ধীরে ধীরে নিজের আলো ছড়াতে থাকেন তিনি। এখন তো পরিস্থিতি যা তাতে কোচ হোসে মরিনহো তাকে যে কোন সময়েই প্রিমিয়ার লিগেই হয়তো জায়গা করে দিতে পারেন। -মেইল অনলাইন