অধিক সংখ্যায় বিদেশি ফুটবলার খেলানোর প্রতিবাদে ইংলিশ প্রিমিয়ার লিগ বর্জনের আহবান জানিয়েছেন বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন এমপি। কারণ এই রাজনীতিবিদের মতে প্রিমিয়ার লিগে বিদেশিদের আধিক্যের কারণে নাকি ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারছে না।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতাসীন দলের এমপি ডেভিড অ্যামেস দাবী করেন-প্রিমিয়ার লিগে অধিক সংখ্যক বিদেশি খেলোয়াড়ের কারণেই ইংল্যান্ড আর বিশ্বকাপ শিরোপা জিততে পারছে না।
অ্যামেস প্রিমিয়ার লিগকে ‘পুরোপুরি অসম্মানের’ বিষয় হিসেবে অভিহিত করেন। শুধু তাই নয় এ জন্য ১৬ আগস্ট শুরু হতে যাওয়া নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ দলগুলোর খেলা বর্জনেরও আহবান জানান তিনি। তবে তিনি ইংল্যান্ডের তৃতীয় বিভাগ ফুটবলের খেলাগুলো দেখতে সমর্থকদের মাঠে উপস্থিত হওয়ার আহবান জানান।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানির ২০১৪ বিশ্বকাপ শিরোপা জয়ের নয় দিন পর হাউজ অব কমন্সে অনুষ্ঠিত এক বিতর্কের সময় আ্যাামেস বলেন, ‘এমনকি ফাইনাল খেলা কোন দলকেও আমি সমর্থন করতে পারি না। তবে যে বিষয়ে আমি খুব উদ্বিগ্ন তা হলো ইংল্যান্ড দলের পারফরমেন্স। তারা খুব বাজেভাবে আমাদের মান-সম্মান নষ্ট করেছে।’ অ্যামেস ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সঙ্গে ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেয়া দলটির সঙ্গে পার্থক্য নিয়ে মতামত দেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পর পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে একবারই বিশ্বকাপ জয় করেছিল ইংল্যান্ড। তিনি বলেন, ‘১৯৬৬ সালে আমার নিজ শহরের দল ওয়েস্টহ্যামের ববি মুর, জিওফ হার্স্ট এবং মার্টিন পিটার্স ছিলেন, যারা দলটির নেতৃত্ব দিয়েছেন এবং চার গোলের সব কটিই করেছেন। সে সব তারকা খেলোয়াড়দের সকলেই নিজ দেশ থেকে উঠে এসেছে। এখনকার দিনে প্রিমিয়ার লিগ পুরোপুরি অসম্মানের। আমাদের খেলোয়াড়রা অনেক কম অর্থ পায় এবং খারাপ খেলে। তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে প্রিমিয়ার লিগের খেলা বর্জনের জন্য আমি সকলকে পরামর্শ দিচ্ছি। তবে অন্য কোন লিগ নয়। বাকি ফুটবল লিগগুলো খুবই ভাল। তবে আমরা যদি বিদেশি খেলোয়াড় খেলানো অব্যাহত রাখি তাহলে কোনদিনই আর বিশ্বকাপ জয় করতে পারব না। —বাসস
