এ বছরেই সব জেলায় পাসপোর্ট অফিস

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৯
দেশের সকল জেলায় পাসপোর্ট অফিস স্থাপন করছে বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। ইতিমধ্যে ৩২ জেলায় জায়গা ভাড়াও নিয়েছে কর্তৃপক্ষ। ৬৪ জেলায় পাসপোর্ট অফিস স্থাপন হলে জনগণের ভোগান্তি লাঘব এবং এ সরকারি সেবা গ্রহণ জনগণের জন্য সহজ হবে। চলতি বছরের মধ্যেই সব জেলায় পাসপোর্ট ইস্যু সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছে অধিদপ্তর। জানা যায়, বর্তমানে দেশের ৩২টি জেলায় ৩৪টি অফিসের মাধ্যমে পাসপোর্ট ইস্যু করার কাজ পরিচালিত হচ্ছে। পাসপোর্ট পেতে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পরিকল্পনার অংশ হিসেবে দেশের বাকি ৩২ জেলায় আরো ৩৩টি অফিস স্থাপনের কাজ চলছে। বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন জানান, পাসপোর্ট অধিদপ্তর সবসময় জনগণের ভোগান্তির কথা বিবেচনায় রেখে বিভিন্ন পদক্ষেপ নেয়। যেসব জেলায় পাসপোর্ট অফিস নেই, সেসব জেলায় অফিস স্থাপনের দাবি দীর্ঘদিনের। এ দাবি বিবেচনায় নিয়ে যেসব জেলায় পাসপোর্ট অফিস নেই সেখানে অফিস করার জন্য এরই মধ্যে জায়গা ভাড়া নিয়েছে অধিদপ্তর। ৫টি অফিস এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পাসপোর্ট কর্মকর্তা নিয়োগের কাজও চূড়ান্ত হচ্ছে। এবছরের মধ্যেই সব অফিস চালু হবে। বর্তমানে দেশে ঢাকার আগারগাঁও, উত্তরা, যাত্রাবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, রাজশাহী, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, সিলেট, হবিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, দিনাজপুর, পাবনা পটুয়াখালী ও বরগুনা, মৌলভীবাজার, টাঙ্গাইল, চাঁদগাঁও, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি ও কুষ্টিয়া জেলায় মোট ৩৪টি পাসপোর্ট অফিসে দেশের ৬৪ জেলার মানুষ পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করছে। অবশিষ্ট জেলায় অফিস স্থাপন সম্পন্ন হলে নিজ জেলা থেকেই আবেদন করা যাবে।