চার্জ গঠন শেষে বিচার শুরুর নির্দেশ

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৯
একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের সাবেক ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এসময় কারাগারে থাকা আসামি নিহতের গাড়ি চালক মো. হুমায়ুন কবীর, বেলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার ও মো. রাজু মুন্সীকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি সবুজ খান জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। এছাড়া মো.রাসেল পলাতক রয়েছেন। এসময় আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে বিচার দাবি করেন। শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে ডাকাতিসহ হত্যার অভিযোগে অভিযোগ গঠন করেন।একইসঙ্গে আগামী ১২ আগষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার জানান, আসামিদের মধ্যে হাবিব ও বেলাল চলতি বছরের ১৬ জানুয়ারি ও ড্রাইভার হুমায়ুন ১৯ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক একমাত্র আসামির প্রতি ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বছর ২৪ ডিসেম্বর রাতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ।