দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর, নরসিংদী জেলার ৩টি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণ শেষে পরিবেশ, প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ১ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানসমূহের মধ্যে ১টি ডাইং ও ২টি ওয়াশিং কারখানা।
প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি বিহীনভাবে কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতিসাধন করার অপরাধে নরসিংদী জেলার শীলমান্দি এলাকায় অবস্থিত মাসকো এক্সপোর্টসকে ১ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত কারখানাটিকে গত ২০১১ সালের ৪ আগস্ট পরিবেশ অধিদপ্তর, ঢাকা পরিবেশ দূষণের দায়ে নয় লাখ পনের হাজার দুইশত টাকা জরিমানা এবং কারখানার ডাইং কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল। অথচ কারখানা কর্তৃপক্ষ নির্দেশ অমান্য করে গোপনে ডাইং কার্যক্রম পরিচালনা করে আসছিল। নরসিংদী জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কারখানার ডায়িং কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়ায় মাসকো এক্সপোর্টকে শুনানিতে ডাকা হয়। শুনানিতে কারখানা কর্তৃপক্ষ ডাইং কার্যক্রম পরিচালনার বিষয়টি স্বীকার করেন এবং ইটিপির নির্মাণ কাজ ২/৩ মাসের মধ্যে শেষ হবে মর্মে অঙ্গীকার করেন। শুনানি শেষে কারখানা কর্তৃপক্ষকে নদী দূষণের দায়ে ১ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ২-৩ মাসের মধ্যে ইটিপির নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ব্যতিত ওয়াশিং কারখানা পরিচালনা করে কারখানার সৃষ্ট তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে নরসিংদী জেলার শীলমান্দি এলাকায় অবস্থিত লোকনাথ ওয়াশিং এন্ড প্রিন্টিং মিলসকে ১ লাখ টাকা ও রুকু ওয়াশিং এন্ড স্কিন ওয়ার্কসকে ১ লাখ টাকা জরিমানা করেন। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি
