বিশ্বকাপ জয়ী জার্মান দলের কোচ জোয়াকিম লো বলেছেন, তিনি কখনই শিরোপা জয়ের পরে দায়িত্ব ছেড়ে দেবার কথা চিন্তা করেননি। তার সাথে জাতীয় দলের চুক্তির মেয়াদ রয়েছে ইউরো ২০১৬ পর্যন্ত। সেই পর্যন্ত তিনি দলের সাথে থেকে যাবার ঘোষণা দিয়েছেন।
জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এর ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাত্কারে ৫৪ বছর বয়সী লো বলেছেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও চাকরি ছাড়ার কথা চিন্তা করিনি।’
জার্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসাবে দুই বছর দায়িত্ব পালনের পরে ২০০৬ সালে লো জার্মান জাতীয় দলের কোচের দায়িত্ব পান এবং ব্রাজিল বিশ্বকাপের আগে তার চুক্তির মেয়াদ ২০১৬ পর্যন্ত নবায়ন করা হয়। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার পরে লো তার ভবিষ্যত্ নিয়ে কোন কথা বলতে রাজি হননি। কিন্তু সমপ্রতি তিনি এ সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ডিএফবির সাথে আমি আমার চুক্তি নবায়ন ব্যাপারে কথা বলতে চাইনি। এটা ২০১৬ সাল পর্যন্ত ছিল এবং এখনো সেটাই বজায় আছে। তবে বিশ্বকাপের আগে বিষয়টি আবারো নতুনভাবে সমাধান হয়েছে। প্রতিটি টুর্নামেন্টের আগেই এই ধরনের আলোচনা হয়।’
লো জানিয়েছেন তিনি ইতোমধ্যেই ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ সালে জার্মান দলকে নেতৃত্ব দেবার জন্য মুখিয়ে আছেন। জামার্নির মত দারুণ একটি দলের সাথে কাজ করতে পেরে তিনি দারুণ সন্তুষ্ট। ফ্রান্সের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে পুরো দলের উপরই তার আস্থা রয়েছে। দলের সাথে সম্পৃক্ত হবার প্রথমদিনের মতই এখনো তিনি উজ্জীবিত অবস্থায় আছেন। ব্রাজিল বিশ্বকাপের বিরাট সাফল্য সকলের মিলে উপভোগ করেছে।
তবে এটাকেই শেষ মানতে নারাজ লো। এখন তার সামনে মূল দায়িত্ব নিয়মিত অধিনায়ক ফিলিপ লামের যোগ্য একজন উত্তরসূরী খুঁজে বের করা। এই তালিকায় অবশ্য বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার বাস্টিয়ান শোয়েনস্টেইগার বেশ খানিকটা এগিয়ে আছেন।
