চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ষষ্ঠ আসর এবার আবার ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আগেই ¬িঠক করা ছিল। এবার চূড়ান্ত সূচি ঠিক হওয়ার পর জানা গেল আগামী ১৩ সেপ্টেম্বর রায়পুরে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগের খেলা। আর ৪ অক্টোবর ব্যাঙ্গালুরু ফাইনালের ভেতর দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
এবারের আসরের খেলাগুলো হবে মোহালি, ব্যাঙ্গালুরু, হায়দারাবাদ ও রায়পুরে। ১৭ সেপ্টেম্বরে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের খেলা। বাছাইপর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রায়পুরে।
টুর্নামেন্টের ফরম্যাট গত বছরের মতোই থাকছে। ১২টি দল ৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের জন্য লড়বে। ওয়েস্ট ইন্ডিজের ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ’ যেহেতু চলছে, তাই তাদের প্রতিনিধি হিসেবে কারা আসছে, সেটা এখনও নিশ্চিত নয়। বাকি ১১টি দলের নাম নিশ্চিত হয়ে গেছে। এখানে ভারত থেকে চারটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুটি করে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশ নেবে।
