মহানায়ক পুরস্কার পেলেন দেব

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:০৮
নজরুল মঞ্চে বেশ জাঁকজমকের সঙ্গেই পালিত হলো মহানায়ক উত্তম কুমারের ৩৫তম প্রয়াণ দিবস। তবে অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল রাজ্য সরকারে উদ্যোগে ২৪ জুলাই টলিউডের একঝাঁক শিল্পীদের সম্মান প্রদান। এই প্রথম বাংলার চিরকালীন মহানায়ক উত্তম কুমারের সম্মানে ভূষিত হলেন এখনকার এক নম্বর হিরো দেব ওরফে দীপক অধিকারী। ঘাটালের তৃণমূল সাংসদ এই সম্মানটি পেয়ে অসম্ভব কৃতজ্ঞ। সম্প্র্রতি বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি ‘চাঁদের পাহাড়’-এর মতো অন্যধারার ছবিতেও বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন দেব। দেবের পাশাপাশি মহানায়িকা সুচিত্রা সেনের সম্মান পেলেন স্বয়ং মহানায়িকার কন্যা ও বাঁকুড়ার তৃণমূল সাংসদ মুনমুন সেন। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে বাংলার শিল্পীদের সম্মান প্রদানের এই অনুষ্ঠানে টালিগঞ্জের প্রায় প্রতিটি শিল্পী উপস্থিত ছিলেন। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়ে গায়ক কুমার শানু আপ্লুত হয়ে জানান, ‘এর আগে বহু সম্মান পেয়েছি, কিন্তু এই সম্মান সবার থেকে অন্য। আমার জন্মভূমির থেকে পাওয়া এই সম্মানের মর্যাদা আমার কাছে অনেক বেশি।’ অন্যদিকে মুনমুন সেনের পাশাপাশি মহানায়িকা সম্মানে ভূষিত হলেন উত্তম কুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’র নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়।