দ্রগবা চেলসিরই অংশ: মরিনহো

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২৫
চেলসি কোচ হোসে মরিনহো জানিয়েছেন দিদিয়ের দ্রগবা এই ক্লাবটিরই অংশ এবং তিনি স্ট্রাইকারটিকে এক বছরের জন্য পুনরায় সই করানো কথা বিবেচনা করছেন। বর্তমানে ৩৬ বছর বয়সী আইভরি কোস্টের খেলোয়াড়টি চেলসিতে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত চেলসির হয়ে ১০টি শিরোপা জেতেন। চেলসি ছেড়ে যাওয়ার পর তিনি কিছু সময় চীনের সুপার লিগের ক্লাব সাংহাই শেনহুয়ায় খেলেন। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে তুরস্কের ক্লাব গ্যালাতাসারায়ের সাথে যোগ দেন তিনি। এখন ক্লাবটির সাথে ১৮ মাসের চুক্তি শেষে দ্রগবা এখন মুক্ত খেলোয়াড়। তুর্কি ক্লাবটিতে দ্রগবা ওই মৌসুমে ১৩ খেলায় পাঁচ গোল দেন এবং ক্লাবটি লিগ শিরোপা জেতে। পরের মৌসুমে আইভরিয়ানটি ৩২ খেলায় অংশ নিয়ে ১০ গোল করেন এবং গালাতাসারায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে চেলসির কাছে পরাস্ত হয়ে বিদায় নেয়। লিগেও দলটি ফেনেরবাখের কাছে শিরোপা খুইয়ে রানার্স আপ হয়। মরিনহো জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি তার সাথে চুক্তির কথা ভাবছে। তবে এ সিদ্ধান্ত হবে ‘আবেগ বহির্ভূত প্রক্রিয়ায়।’ তিনি বলেন,‘যদি আমি তাকে ফিরিয়ে আনি, তাহলে এর কারণ খেলোয়াড় হিসেবে তার দলটিকে শক্তিশালী করার মতো গুণপনা আছে। তবে তাকে আনতে হলে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে।’ দ্রগবা ফরাসি ক্লাব মার্সেই থেকে ২০০৪ সালে ২ কোটি ৪০ হাজার পাউন্ডে চেলসিতে যোগ দিয়ে স্টাম্পফোর্ড ক্লাবটি ছাড়ার আগে তিনটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। স্ট্রাইকারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করার পর ২০১২ সালে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যান। চেলসি সমর্থকরা ২০১২ সালে দ্রগবাকেই তাদের এ যাবত্কালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে। খেলোয়াড়টিও বিভিন্ন সময়ে ব্লুজদের সাথে তার বন্ধনের বিষয়টি জানিয়ে থাকেন। এ ব্যাপারে মরিনহো বলেন,‘আমরা জানি তার হূদয় তাকে সেখানেই আনতে চাইছে যার সাথে সে নিজেকে অংশীদার মনে করে। আমরা সম্ভাবনাটা (সই করানোর ব্যাপারে) খতিয়ে দেখছি। আমরা মনে করি দিদিয়ের আমাদেরই অংশ।’ পর্তুগীজ কোচটি অবশ্য এরপরও স্মরণ করিয়ে দেন যে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তার অধীনে থাকা খেলোয়াড়টির ব্যাপারে যে কোন সিদ্ধান্ত হবে তার সামর্থ্যের নিরিখে। ক্লাবটির সাথে তার ইতিহাস বিচারে নয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,‘তাকে আনা হলে এর কারণ এই নয় যে সে দিদিয়ের বা চেলসির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ গোলটি করেছে। কিংবা আমার একজন সহকারী দরকার বলে নয়। আমরা ম্যাচ ও শিরোপা জিততে চাই এবং দিদিয়ের ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার। সে প্রিমিয়ার লিগের চাহিদার সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আমরা আবেগের বাইরে গিয়েও তার বিষয়টি ভাবছি।’ সদ্যসমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে আইভরিকোস্টের হয়ে একটিতে প্রথম থেকে এবং অপর দু’টিতে বদলিতে হিসেবে খেলা দ্রগবা এখনো নিয়মিত দলে থাকার সামর্থ্য রাখেন বলে মনে করেন মরিনহো। চেলসিতে সই করলে তিনি ফার্নান্দো টোরেস, নবাগত দিয়েগো কস্তার পাশাপাশি গত মৌসুম ধারে খেলতে যাওয়া রোমেলু লুকাকু ও ভিক্টর মোসেজের সাথে যোগ দেবেন। -বিবিসি স্পোর্ট