কোস্টারিকার কোচের পদত্যাগ

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২৫
লুইস পিন্টো কোস্টারিকার ফুটবল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তিতে একমত হতে না পারায় এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। পিন্টোর তত্ত্বাবধানে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে কোস্টারিকা। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে কনকাকাফের প্রতিনিধিত্ব করা দেশটি। এমন সাফল্য দেখানোর পরও কোস্টারিকা দলের কোচ না থাকার কারণ ৬১ বছর বয়সী এই কোচ ফেডারেশনের দেয়া নতুন চুক্তির শর্তে একমত হতে পারেননি। কোস্টারিকান ফুটবল ফেডারেশনই বৃহস্পতিবার জানিয়েছেন তিনি। বনিবনা না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো পিন্টোর পছন্দমত সহযোগীদের নিয়োগ দেয়ার ব্যাপারে ফেডারেশনের রাজি না হওয়া। কলম্বিয়ায় জন্ম নেয়া এই কোচ নিজের ওয়েবসাইটে বলেছেন, ‘আমি বুঝতে পারছি, এই অবস্থায় আমি আমার দায়িত্ব পালন করে যেতে সক্ষম হবো না। নতুন কোনো চুক্তিতে পৌঁছানোও সম্ভব নয়।’ এদিকে, দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদুয়ার্দো লি জানিয়েছেন নতুন কোচ খোঁজা হচ্ছে। তবে তিনি একই সাথে পিন্টোর জন্য দরজা উম্মুক্ত রাখার কথাও জানান। বিশ্বকাপে সাফল্যের জন্য তিনি কোচ পিন্টোকে ধন্যবাদ জানান-‘আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ব্রাজিল বিশ্বকাপে দলের অর্জনে কোস্টারিকার সমগ্র জনগণ, কোচ, ম্যানেজার, কর্মকর্তা সবাই সন্তুষ্ট। দুর্ভাগ্যবশত আমরা কিছু ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি। তবে ভবিষ্যতে পিন্টোর জন্য আমাদের দরজা খোলা থাকবে।’-সকারওয়ে