৯০ কোটি রুপিতে বিক্রি হচ্ছে রাজেস খান্নার বাংলো

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৩৫
ভারতের প্রয়াত বলিউড সুপারস্টার রাজেশ খান্নার বাংলো ‘আশীর্বাদ’ কিনে নিচ্ছেন দেশটির এক শিল্পপতি। কার্টার রোডে অবস্থিত এ বাংলোটি ৯০ কোটি রুপিতে বিক্রি করা হচ্ছে। -খবর টাইমস অব ইন্ডিয়া। সমুদ্রমুখী এবং নায়কের ভক্তদের কাছে অন্যতম পর্যটন আকর্ষণ এই বাংলোটি ৯০ কোটি রুপিতে কিনতে যাচ্ছেন অলকারগো লজিস্টিকের নির্বাহী চেয়ারম্যান শশি কিরণ শেট্টি। এ বাড়িটির মোট আয়তন ৬০৩ বর্গমিটার। তার দুই মেয়ে টুইঙ্কেল ও রিঙ্কি এই বিশাল অর্থের মূল অংশীদার। তবে এ বিষয়ে শেট্টি কোন মন্তব্য করেননি। এদিকে বিভিন্ন উত্স থেকে পাওয়া খবরে জানা গেছে, এই বাড়িতে থাকার পরিকল্পনা করছেন শেট্টি। ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের প্রথম এই সুপারস্টারের। এদিকে ২০০৯ সালে বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে তার এই বাড়িটিকে একটি জাদুঘর করার ইচ্ছা পোষণ করেন খান্না। তিনি বলেন, আমি চাই এই বাড়িটি চিত্রজগতের প্রথম কোন জাদুঘর হবে। কিন্তু তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমার সন্তানরা। কেননা উত্তরাধিকারসূত্রে তারাই এর ভবিষ্যত্ অংশীদার।