কলকাতার লেকটাউনে সাড়ে তিন বছরের এক শিশু গৃহশিক্ষিকার নির্মম প্রহারের শিকার হলে এনিয়ে সেখানে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এ ঘটনার পর অভিভাবক মহলের সচেতনতা সৃষ্টিতে সকল গৃহশিক্ষকের তথ্য সংশ্লিষ্ট থানায় জানাতে নির্দেশ দিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। -আনন্দবাজার পত্রিকা।
মন্ত্রী বলেন, ভাড়াটে, পেয়িং গেস্ট বা পরিচারকদের মতো এবার গৃহশিক্ষক বা শিশুদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের বিস্তারিত তথ্য থানায় জানাতে হবে। কেননা থানায় তথ্য না থাকলে এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে সমস্যা হয়। গত বুধবার লেক টাউনে ওই শিশুটিকে উল্টো করে ফেলে বিছানায় বারবার আছাড় মারা হয়। তারপর একের পর এক চড়, থাপ্পড়, ঘুষি আর লাথি মারা হয়। শিশুটি তার কাছে বেশ কয়েকবার ক্ষমা চায়। কিন্তু ত্রিশোর্ধ্ব ওই গৃহশিক্ষিকার তাতে একটুও মায়া হয়নি। পাশে মা বাচ্চার কান্নার শব্দ পেলেও বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছিল। পরে সিসিটিভিতে এই দৃশ্য দেখে তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়।
