মালয়েশিয়ায় নৌকাডুবিতে তিনজনের মৃত্যু
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে উপকূলের অদূরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। ঈদুল ফিতর পালন উপলক্ষে ঘরমুখী মানুষকে নিয়ে নৌকাটি ইন্দোনেশিয়ায় যাচ্ছিল। শুক্রবার নৌবাহিনীর একজন কর্মকর্তা একথা জানান। মালয়েশিয়ার মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির স্থানীয় প্রধান ইসকান্দার ইশাক জানান, বৃহস্পতিবারের এ ঘটনায় তিনজনের লাশ ও জীবিত অপর ১০জনকে উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনো আরো আটজন নিখোঁজ রয়েছে। ইন্দোনেশিয়ার অবৈধ ২১ অভিবাসী কর্মী নিয়ে যাওয়ার সময় মালয়েশিয়ার জহোর রাজ্যে সমুদ্র উপকূলে খারাপ আবহাওয়ার কারণে এ নৌকাডুবি ঘটে। —এএফপি
যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের সপ্তাহব্যাপী নৌ-মহড়া শুরু
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান সপ্তাহব্যাপী এক নৌ-মহড়া শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলীয় সাসেবো নৌঘাঁটিতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার দেশ তিনটির যুদ্ধজাহাজ যৌথভাবে এ মহড়ায় অংশ নিচ্ছে। মালাবার এক্সারসাইজ নামের বার্ষিক এ মহড়াটিতে সাধারণত ভারত ও যুক্তরাষ্ট্র অংশ নেয়। তবে এবছর জাপানের নৌপ্রতিরক্ষাবাহিনী (এমএসডিএফ) এতে অংশ নিচ্ছে। ২০০৭ সাল থেকে জাপান তৃতীয়বারের মতো মহড়াটিতে অংশ নিতে যাচ্ছে। জাপানের দক্ষিণ উপকূলে মহড়াটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে ভারত ও জাপানের সঙ্গে চীনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। —এএফপি
জাম্বিয়াও বাল্যবিবাহ রোধে উদ্যোগী হচ্ছে
আফ্রিকার যেসব দেশে বাল্যবিবাহের প্রকোপ অত্যন্ত বেশি তার মধ্যে জাম্বিয়া অন্যতম। এই দেশটিতে মেয়েদেরকে অল্পবয়সে বিয়ে দেয়া শুধু তাদের সংস্কৃতির অংশই নয় বরং আর্থিক সমৃদ্ধির একটি উপায়ও বটে। অবশ্য যুগ যুগ ধরে চলে আসা সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে সেখানকার কোন কোন গোত্র প্রধানের অবস্থানও সুস্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। এমনকি দেশটির ফার্স্টলেডিও মনে করেন বাল্যবিয়ে দেয়ার বিষয়টিকে ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা উচিত। —বিবিসি
