১১৬ জন আরোহী নিয়ে মালির গোসি ও বুরকিনা ফাসোর সীমান্তের কাছে বিধ্বস্ত আলজেরীয় বিমানের সব যাত্রী নিহত হয়েছেন। বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে মালির রাষ্ট্রীয় টেলিভিশন। উদ্ধারকারীরা বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানও পেয়েছেন। গতকাল শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স। বিধ্বস্ত বিমানটির যাত্রীদের মধ্যে ফ্রান্সের ৫১ জন নাগরিক ছিলেন। বুরকিনা ফাসোর ২৪ জন যাত্রী ছিলেন বিমানটিতে। খবর এএফপির।
১১৬ জন আরোহী নিয়ে বৃহস্পতিবারে নিখোঁজ হওয়া ওই বিমানটি বুরকিনা ফাসো থেকে আলজিয়ার্সের উদ্দেশে রওয়ানা দেবার পর নিখোঁজ হয়। বিমানটি বারকিনাবে সীমান্তের ৩০ মাইল দূরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। পর্যবেক্ষণকারী দলের একজন সদস্য জেনারেল গিলবার্ট ডিয়েনডেরে জানিয়েছেন, পুরোপুরিভাবে পুড়ে গেছে এবং টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ধ্বংসাবশেষ থেকে জীবিত কোনো মানুষেরই সন্ধান পাওয়া যায়নি, পাওয়া গেছে কেবল মৃতদেহ। আবহাওয়ার কারণেই আলজেরিয়ার বিমান বিধস্ত হয়েছে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। বিমানটিতে ১১৬ জন আরোহী ছিল।
