বরগুনায় ‘স্মার্ট ওয়াটার গ্রিড’ পরিদর্শন করেছে নেদারল্যান্ডস দূতাবাসের একটি প্রতিনিধিদল। রোববার (২২ নভেম্বর) আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়ায় স্থাপিত এই পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন তারা। ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।
নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ানা ভ্যান ডার লিন্ডেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মো. ওসমান হারুনি। অন্যদিকে ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. তারিকুল ইসলাম, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইয়ামিন ফারুকসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের (ম্যাক্স ট্যাপ ওয়াটার) কর্মকর্তারা পানি সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে স্মার্ট মিটার, সৌরবিদ্যুৎ, পাম্প অটোমেশন, ক্লোরিনেশন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে স্বয়ংক্রিয় সাইক্লোন ডাম্পিং এবং দূর থেকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণের সুবিধাসংবলিত মনিটরিং ড্যাশবোর্ড।
পরে প্রতিনিধিদল পানি সংযোগ পাওয়া কয়েকটি পরিবারের বাড়ি পরিদর্শন করে। এ সময় স্মার্ট মিটারের সংযোগ, নিরাপদ পানির প্রাপ্যতা, সেবার মান ও গ্রাহকদের সন্তুষ্টি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে পরিবারের বিনিয়োগ এবং দৈনন্দিন অভ্যাসে কী ধরনের পরিবর্তন এসেছে, সে বিষয়েও খোঁজ নেন।
নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে পানি খাতের ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে কাজ করছে।
ম্যাক্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গ্রামীণ বাংলাদেশের মাত্র ৫ শতাংশ পরিবারের পাইপলাইনের পানির সংযোগ রয়েছে। অন্যদিকে, ৮৭ শতাংশ পরিবার রান্না ও ধোয়া-মোছার কাজে অনিরাপদ পানি ব্যবহার করে। নারীরা প্রতিদিন গড়ে ৯০ মিনিট পানি সংগ্রহে ব্যয় করেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ম্যাক্স ট্যাপ ওয়াটারের প্রতিটি গ্রিডের মাধ্যমে প্রায় ৮০টি পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা হয়। ভূগর্ভস্থ উৎস বা বোরহোল থেকে পানি উত্তোলন করে ওভারহেড ট্যাংকের মাধ্যমে ২৪ ঘণ্টা সরবরাহ করা হয়। প্রতিটি বাড়িতে তিনটি ট্যাপের সংযোগ রয়েছে। জনপ্রতি দৈনিক সর্বোচ্চ ৮০ লিটার পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।
ম্যাক্স ফাউন্ডেশনের তথ্যমতে, বিল্ডিং ওয়াটার বিজনেস (বিডব্লিউবি) কর্মসূচির আওতায় বর্তমানে ১০৫টি পানির গ্রিড পরিচালিত হচ্ছে। আরও তিনটি গ্রিড নির্মাণাধীন। এ পর্যন্ত ২১ হাজার ৫৪৮ জন মানুষ নিরাপদ ও ব্যবস্থাপনাধীন পানির সুবিধা পেয়েছেন। উপকূলীয় জনগোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে ২০ লাখ লিটার পানি। এ ছাড়া ২০২১ সাল থেকে দেশের ২৪৭টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘হেলদি ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।
পরিদর্শনের শেষ পর্যায়ে বরিশাল অঞ্চলে কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যতে আরও পানির গ্রিড স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
