চাঁদচোর

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ১৯:৫৯
রজনী ফুরায়ে আসে বুঝি হয় ভোর। চুপি চুপি সাদা পায় আসে চাঁদচোর - বুক ভাঙে ঘর ভাঙে ভাঙে প্রাণমন। কেন যে ভাঙে না বধূ এই বৃন্দাবন। যে-তুমি আগুন পূজি বরেছো আমাকে। সে-তুমি সোনারে ফেলি নিয়েছ তামাকে\ যে-তুমি সাতটি পাকে বেঁধেছ এ-কূল। সে-কূল না-রেখে তুমি ভাসালে গোকুল\ এ-মুখ কোথায় রাখি নামো অন্ধকার। এ-বুক কোথায় রাখি চিতা চারিধার। এ-দেহ কোথায় রাখি মরু চারিপাশ। এ-প্রেম কোথায় রাখি শুধু দীর্ঘশ্বাস\ তুমি নাই কাছে নাই অন্য ঘাটে নাও। তুমি নাই পাশে তাই যমুনা উধাও\ কেমনে বাঁধিব হিয়া কহ হে রজনী। আনবাড়ি আনঘরে আমার সজনী\ বুক ভাঙে ঘর ........ ................. বৃন্দাবন। ০০০০০০০০ এটি আমার কবিতা থেকে গানে রূপান্তরিত হচ্ছে চ্যানেল আইয়ের একটি ভিন্ন ধারার চলচ্চিত্রে। ছবিটি নির্মাণ করছেন স্বপন আহমেদ। ছবির গল্পটিও আমার। তাই গানটি ব্যবহার করতে ছবির সঙ্গীত পরিচালক অনুমতি চাইলে তখনই দিয়ে দিই। আমিও অপেক্ষায় আছি গানটির দৃশ্যায়ন দেখার।