পশ্চিম আফ্রিকার মালিতে এয়ার আলজেরীয় ফ্লাইটটি সম্ভবত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এ সম্ভাবনার কথা জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনও হয়নি বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
প্রাথমিকভাবে বিমানটির আরোহী সংখ্যা ১১৬ জন জানানো হলেও বিমানটিতে মোট ১১৮ জন আরোহী ছিলেন বলে এদিন নিশ্চিত করেছেন ফরাসি কর্মকর্তারা। একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট। এয়ার আলজেরীয় ওই বিমান ফ্লাইট এএইচ৫০১৩ বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসো থেকে আলজেরিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হলে এর ১১৮ জন আরোহীর সবাই নিহত হন। তদন্তকারীরা উত্তর মালির ওই ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত টেনেছেন, ম্যাকডোনাল ডগলাস কোম্পানির নির্মিত এমডি-৮৩ বিমানটি মাটিতে আছড়ে পড়ে দু’টুকরো হয়ে গিয়েছিল। এর অর্থ হল ওই বিমানটি কোনো হামলার শিকার হয়ে বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, “ওই এলাকায় থাকা ফরাসি সেনারা প্রাথমিক তদন্ত শুরু করেছিল। দুঃখজনকভাবে সেখানে জীবিত কাউকে পাওয়া যায়নি।” প্রাথমিকভাবে নিহত আরোহীদের মধ্যে ফরাসি নাগরিকের সংখ্যা ৫১ জন বলা হলেও পরে তা ৫৪ জন বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকও রয়েছেন।
মালিতে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফরাসি, মালীয় ও ডাচ সেনারা বিমান বিধ্বস্তের স্থানটি ঘিরে রেখেছেন। ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ জানান, বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সটিতে থাকা ফ্লাইট রেকর্ড উদ্ধার করে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেছেন, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছোট জায়গায় ছড়িয়ে থাকলেও বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত টানার সময় এখনও হয়নি।
