মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার ফলাফল মেনে নিতে দুই প্রার্থীকে জনসমক্ষে চুক্তি অনুমোদনের আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং আশরাফ ঘানি ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনে সম্মত হওয়ায় এবং ফলাফল মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়ায় বারাক ওবামা টেলিফোনে তাদের ধন্যবাদ দিয়েছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফল গণনার কাজ চলছে। ঐকমত্যের সরকার গঠনে উভয় প্রার্থী রাজি হওয়ায় তাদের জনসমক্ষে সংলাপের আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং পরাজিত প্রার্থী প্রধান নির্বাহী হিসাবে কাজ করবেন। প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর সমপরিমাণ ক্ষমতা লাভ করবেন। যতদিন না পর্যন্ত ভোট গণনা শেষে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হচ্ছে ততদিন পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই প্রেসিডেন্ট প্রার্থী এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ওবামা।
গত ১৪ জুন আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল আশরাফ ঘানি এগিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ ফলাফল বর্জন করে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনেন এবং পুনরায় ভোট গণনার দাবি জানান।
