ঈশ্বরদী- বঙ্গবন্ধু সেতু রেলওয়ের ভাঙ্গুড়া স্টেশন থেকে বড়াল নদীর পুরাতন ঘাট অভিমুখের লাইনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অন্তত ৫০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে। ভাঙ্গুড়া ঘাট স্টেশনের এখন কোন চিহ্ন নেই। মূল্যবান সব রেলপাত ও লোহার স্লিপার অবৈধ দখলদার দোকানিদের ঘরের মাটির নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। রেল চত্বরের দক্ষিণে ঘাট লাইনের জায়গা দখল করে ঘর-বাড়ি নির্মাণের হিড়িক লেগেছে। প্রতিনিয়ত গড়ে উঠছে অবৈধ বসতি। জানা গেছে কতিপয় ব্যক্তি রেলের দায়িত্বপ্রাপ্ত কাননগোর সহায়তায় মূল্যবান এসব জায়গার পজেশন বিক্রি করে দিচ্ছে। রেলের স্টেট বিভাগের কর্মকর্তারাও হাতিয়ে নিচ্ছেন মোটা টাকা। পাকশি ভূসম্পত্তি কর্মকর্তা অবশ্য রেলের জায়গার পজেশন বিক্রি সম্পর্কে অবগত নন জানিয়ে বলেন, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
