ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড় গ্রামের তাহেরউদ্দিন (৪৫) নামে এক কৃষককে চোরের সহযোগীরা কুপিয়ে গুরুতর আহত করার পর চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের ছেলে মো. মমিন (২০) জানান,তাদের একটি সেচ পাম্পের যন্ত্রাংশ চুরি করে প্রতিবেশী তাজুল ইসলামের পুত্র সোহেল মিয়া (২৫)। পরে ওই যন্ত্রাংশগুলো নান্দাইল পৌরশহরের একটি দোকানে বিক্রি করার সময় তার বাবা বিষয়টি ধরে ফেলে। বৃহস্পতিবার তাজুল ইসলামের বাড়িতে গিয়ে চুরির অভিযোগ জানিয়ে সোহেলের বিচার চান। এতে দু’জনের মধ্যে তর্ক বেধে যায়। কিছুক্ষণ পর বাজারে যাওয়ার পথে তাহেরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাজুল ও সোহেলের লোকজন। হামলায় গুরুতর আহত তাহেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে চিকিত্সকের পরামর্শে উন্নত চিকিত্সার জন্যে তাহেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী হোসনে আরা (৩৮) অভিযোগ করেন- চুরির ঘটনার বিচার দাবি করায় তার স্বামীকে হত্যা করেছে তাজুলের লোকজন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে তাকে ঘটনাটি জানানো হয়েছে।
