চালকের আসনে শ্রীলঙ্কা

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:১৭
আগে কখনো সেভাবে ‘ভবিষ্যত্ অধিনায়ক’ হিসেবে নাম সামনে আসেনি তার। কিন্তু দায়িত্বটা পেয়ে তুখোড় অধিনায়কত্ব করে সবাইকে চমকে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয় পাওয়ার পর অধিনায়কত্বটা স্মরণীয় করে রাখবেন বলেই মনে হচ্ছিল। মনে হচ্ছিল, শ্রীলঙ্কার মাটিতে ২১ বছর ধরে টেস্ট সিরিজ না জেতার দক্ষিণ আফ্রিকান হতাশাটা হাশিম আমলাই ঘোচাবেন। গতকাল কলম্বো টেস্টের তৃতীয় দিনে সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। এখন এই টেস্টকে শ্রীলঙ্কার হাত থেকে বের করে ড্র বা জয়ের স্বপ্ন দেখা দক্ষিণ আফ্রিকানদের জন্য কঠিন। তবে যেটুকু যা লড়াইয়ে আফ্রিকানরা টিকে আছে, সেটা ওই অধিনায়ক আমলার বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণেই। শ্রীলঙ্কার দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার ভয়ানক ঘূর্ণিতে প্রথম ইনিংসে একেবারে তাসের ঘরের মতো ধসে পড়েছে আফ্রিকানদের ব্যাটিং; দিলরুয়ান নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। এক প্রান্তে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে শেষ পর্যন্ত আমলা ১৩৯ রানে অপরাজিত রইলেন। কিন্তু শ্রীলঙ্কার ৪২১ রানের জবাবে মাত্র ২৮২ রানে অলআউট হল আমলার দল। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড নিয়ে গতকালই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে লঙ্কানরা। গতকাল পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১১ রান তুলে লিড ১৫০ রানে বানিয়ে ফেলেছে। আজ দ্রুত এই লিডকে আরও বড় করে জয়ের লক্ষ্যে চতুর্থ ইনিংসে স্পিনারদের কাঁধে সওয়ার হতে চাইবে তারা। ৩ উইকেটে ৯৮ রান নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার এমন অবস্থা অবশ্য কিছুতেই প্রত্যাশিত ছিল না। উইকেট কোনোভাবেই স্পিন স্বর্গ ছিল, তা বলা যাবে না। স্পিনাররা সুবিধা পেয়েছেন; বিপরীতে দক্ষিণ আফ্রিকায় আমলা ছাড়াও স্পিনে দক্ষ কয়েকজন ব্যাটসম্যান ছিল। কিন্তু আফ্রিকানরা গতকালই এক ধরনের ড্র মুখী ব্যাটিং করলেন। যার প্রতীক হয়ে রইলেন ৫৮ বলে মাত্র ২টি স্কোরিং শট করে ৩ রান করা জাঁ পল ডুমিনি। এই অতিরক্ষণাত্মক ব্যাটিংই কাল হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এক প্রান্তে আমলা কিছুটা আক্রমণ ও সতর্কতায় মেশানো ইনিংস খেলে গেছেন। অন্য প্রান্তে টানা ডিফেন্স করতে গিয়ে স্পিনারদের চড়াও হতে দিয়ে একের পর এক উইকেট হারিয়ে এসেছেন তার সতীর্থরা। আগে থেকেই ভয়ঙ্কর হেরাথ তুলে নিলেন ৪ উইকেট এবং মূলত বাউন্সের ওপর বেশি ভরসা করা দিলরুয়ান নিলেন ৫ উইকেট। একে তো আফ্রিকানরা পিছিয়ে পড়েছে এরই মধ্যে ১৫০ রানে, এরপর খারাপ খবর হল এসএসসির এই উইকেট চতুর্থ ইনিংসে সত্যিকারের স্পিন স্বর্গই হয়ে ওঠার কথা। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ড্র করে হলেও এক নম্বর স্থানটা কিভাবে পুনরুদ্ধার করতে পারে, দেখার বিষয়। সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১২১.৪ ওভারে ৪২১/১০ এবং দ্বিতীয় ইনিংস: ৫ ওভারে ১১/০ (থারাঙ্গা ব্যাটিং ৬, কুশল ব্যাটিং ৫; স্টেইন ০/৭, ফিল্যান্ডার ০/৪)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৩৪.৫ ওভারে ২৮২/১০ (আলভিরো পিটারসেন ২, এলগার ১, ডু প্লেসিস ৩৬, আমলা ১৩৯*, ডি ভিলিয়ার্স ৩৭, ডি কক ০, ডুমিনি ৩, ফিল্যান্ডার ৯, স্টেইন ৩০, তাহির ১৫, মরকেল ০; লাকমল ১/৫৪, হেরাথ ৪/৭১, দিলরুয়ান ৫/৬৯, মেন্ডিস ০/৬৮, ভিতানাগে ০/১৭)।