গত ছয় মাসে টেস্ট ক্রিকেট না খেলার কারণে নিজের দলে মরচে ধরে গেছে বলে স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে দলের আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে চলমান অনুশীলন ক্যাম্পের মাধ্যমে খেলোয়াড়রা সে মরচে সরিয়ে ফেলতে পারবে বলেই মানছেন তিনি।
প্রধান কোচ ওয়াকার ইউনিস, ব্যাটিং ও ফিল্ডিং কোচ যথাক্রমে গ্রান্ট ফ্লাওয়ার ও গ্রান্ট লুডেনের অধীনে সম্পূর্ণ নতুন কোচিং স্টাফের তত্ত্বাবধানে গত ১০ দিন যাবত্ কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান দল। মিসবাহ বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কিছুটা মরচে ভাব আছে এবং কিছুটা গতি ফিরে পেতে আমরা এখানে যতটা সম্ভব অনুশীলন ম্যাচ খেলছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ ব্যাটিং অনুশীলনের চেষ্টা করছি এবং গত তিন দিন নিজেদের বাজিয়ে দেখতে এবং ম্যাচের দৃশ্য কি হতে পারে সেটা অনুধাবনের চেষ্টা করছি। সব শেষ কথা হলো আমরা পেশাদার এবং আমাদের সামনে যা কিছু আসুক আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে। সুতরাং আমরা সব কিছু মানিয়ে নেব এবং সিরিজ শুরু হওয়ার আগে যথাসময়ে প্রস্তুত হবো।’
সর্ব শেষ গত জানুয়ারি মাসে শারজাহতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছে পাকিস্তান। তারপর থেকেই টেস্ট ক্রিকেটের বাইরে দলটি। কিন্তু গত এপ্রিলে দুবাইতে অনুষ্ঠিত আইসিসি সভার বাইরে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) আলোচনার মাধ্যমে আসন্ন সিরিজ আয়োজন করে পাকিস্তান। গত পাঁচ বছরে পাকিস্তান ও শ্রীলংকা একে অপরের বিপক্ষে মোট পাঁচটি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। দুটি শ্রীলংকায়, দুটি সংযুক্ত আরব আমিরাতে এবং একটি ২০০৯ সালে পাকিস্তানে।
সংযুক্ত আরব আমিরাতে ২০১২ সালে ইংল্যান্ডকে হারানোর পর পাকিস্তান কোন টেস্ট সিরিজ জয় করতে পারেনি। গত বছর দক্ষিণ আফ্রিকায় ৩-০ ব্যবধানে সিরিজ পরাজয়কে একটা ধাক্কা হিসেবে অভিহিত করে মিসবাহ বলেন, সেটা কাটিয়ে উঠতে দল কঠোর পরিশ্রম করছে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় গিয়ে পরাজিত হয়ে আমরা একটা চাপে পড়ে গিয়েছিলাম। তবে তারপর এ পর্যন্ত অনেক কিছুরই উন্নতি হয়েছে। এখন আমাদের ম্যাচ জয় শুরু করতে হবে এবং সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা এখনো কোন সিরিজ জিততে পারিনি। কিন্তু এক্ষেত্রে কিছু বাস্তবতাও আছে আমরা উন্নতি করছি, আমাদের ব্যাটিংটা ভাল মনে হচ্ছে। আমরা গত বছর শারজার পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করব।
শ্রীলংকা সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে গলেতে ৬ আগস্ট। এ মাঠেই লংকানরা তাদের শেষ টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তবে মিসবার ধারণা পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে।
