প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচের আগে মাঠের মধ্যে ফকল্যান্ড আইল্যান্ড ফিরিয়ে দেবার ব্যাপারে রাজনৈতিক বক্তব্য সম্মলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে ২৪,৭০০ ইউরো জরিমানা করেছে ফিফা। ১৮৩৩ সাল থেকে এই দ্বীপপুঞ্জটি বৃটিশরা শাসন করছে। কিন্তু আর্জেন্টিনা সবসময়ই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটি নিজেদের বলে দাবি জানিয়ে আসছে। ১৯৮২ সালে তারা একবার এ ব্যাপারে আক্রমণও চালিয়েছিল। কিন্তু সমপ্রতি নতুন করে আবারো দক্ষিণ আমেরিকান দেশটির কাছে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ৭ জুন স্লোভেনিয়ার বিপক্ষে প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আলেসান্দ্রো সাবেলার দল মাঠের মধ্যে একটি ব্যানার নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলতে দাঁড়িয়ে যান। ব্যানারটিতে লেখা ছিল, ‘ফকল্যান্ড আইল্যান্ড আর্জেন্টিনার সমপত্তি।’ ফুটবলের মধ্যে রাজনৈতিক কোন কর্মকাণ্ডকে কখনই আনতে দেয়নি ফিফা। আর্জেন্টিনার এই বিষয়টিও তারা খুব একটা ভালো চোখে দেখেনি। আর তাই শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালিস্টদের ফিফা কর্তৃক জারিকৃত জরিমানার অর্থ গুণতে হচ্ছে।
