সাউদাম্পটনের যে শহরে আজ ইংল্যান্ড তৃতীয় টেস্টে ভারতের মোকাবেলা করবে সেটাকে এই মুহূর্তে মৃত শহর বললে অত্যুক্তি হবে না। কারণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই শহরের বেশিরভাগ ছাত্রই এখন গ্রীষ্মের ছুটি কাটাতে শহরের বাইরে। তাছাড়া বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ায়, আবহাওয়াটা মাঠে খেলা দেখতে যাবার মোটেই উপযোগী নয়। সুতরাং শহরবাসী ছুটির সময়টা হয়তো ঘরের ঠান্ডা পরিবেশে কাটাতে চাইবেন।
শহরবাসী যদি আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারেনও, তাদের স্বদেশী খেলোয়াড়দের কিন্তু উত্তপ্ত এক সময়ই কাটাতে হবে। সর্বশেষ নয় টেস্টের সাতটিতেই যারা হেরেছে তাদের শান্তিতে সময় কাটানোর উপায় কি! সুতরাং আজ অ্যাজিয়াস বলে কঠিন এক সময়ই অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। তাছাড়া আগের টেস্টেই পরাজয় বরণ করতে হওয়ায় তাদের উপর চাপ আরো বেড়ে গেছে। এই টেস্ট হারলে নিশ্চিত হয়ে যাবে, এই সিরিজ আর জিততে পারছে না তারা। দলের এমন দু:সময়ের সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে অধিনায়ক অ্যালিস্টার কুকের উপর। দলের পাশাপাশি নিজের ফর্মটাও যাচ্ছেতাই যাচ্ছে এই ওপেনিং ব্যাটসম্যানের। ধারণা করা হচ্ছে এই টেস্টের ফলাফলই ‘অধিনায়ক’ কুকের ভবিষ্যত্ নির্ধারণ করে দেবে।
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজের ২০১০-১১ আসরে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ক্যারিয়ারের শুরুতেই হৈচৈ ফেলে দেয়া। এরপর সময় যত গড়িয়েছে ততই নিজেকে মেলে ধরেছেন কুক। নিতান্ত প্রতিশ্রূতিশীল এক খেলোয়াড় থেকে কুক নিজেকে তুলে এনেছেন ইংল্যান্ডের সর্বকালের সফলদের তালিকায়। প্রথম প্রথম এটা কুককে নিয়ে ইংলিশ গণমাধ্যমের বাড়াবাড়ি বলে অনেকে উড়িয়ে দিতে চাইলেও দুর্দান্ত ধারাবাহিকতায় সেই সব সমালোচকদের মুখ বন্ধ করে দেন কুক। অথচ সেই কুকই কিনা দ্বিতীয় টেস্টে হারের পর বলেছেন, নিজের সামর্থ্য নিয়ে তিনি নিজেই নিশ্চিত নন!
নিশ্চিত হবেনই বা কি করে! সর্বশেষ কবে রানের মুখ দেখেছেন কুকের পক্ষে সেটা ভুলে যাওয়াও অসম্ভব কিছু নয়! শচীন টেন্ডুলকারের পর ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে পাঁচ হাজার টেস্ট রানের মাইলফলক পেরোনো কুক সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন এক বছরেরও বেশি সময় আগে! ইনিংসের বিচারে সেঞ্চুরিবিহীন আছেন ২৭ টি ইনিংস ধরে। আর ২০১৪ সালে এই উদ্বোধনী ব্যাটসম্যানের গড় মাত্র ১৪.৩৩। অথচ এই তিনিই কিনা বছর দুয়েক আগে গড়েছিলেন সবচেয়ে কম বয়সে সাত হাজার রানের মাইলফলক পেরোনোর রেকর্ড!
ফর্মহীনতার পাশাপাশি কুকের সমালোচকদের হাওয়া যোগাচ্ছে ইংলিশদের দলগত পারফরম্যান্সও। সর্বশেষ নয়টি টেস্টের সাতটিতেই হেরেছে ইংলিশরা। আর তাদের সর্বশেষ জয়টি এসেছে ১০ টেস্ট আগে। তাই ব্যাটসম্যান কুকের চাইতে অধিনায়ক কুকের বিরুদ্ধেও সমালোচকদের অভিযোগ কম নয়। টানা ব্যর্থতার ধারাবাহিকতায় গত বেশ কিছুদিন ধরেই চলছে তাকে নেতৃত্বচ্যূত করার আলোচনা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গত মাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারের পর থেকে আরো জোড়ালো হয়ে ওঠে আলোচনাটা। তবে ইসিবি প্রধান এবং নতুন কোচ পিটার মুরস বারবারই কথা বলেন কুকের পক্ষেই। তবে এবার ভারতের বিরুদ্ধেও যদি ইংলিশদের একই ফল বরণ করতে হয় তাহলে নিশ্চিতভাবেই তার অবস্থাটা তেমন থাকছে না।
ব্যাপারটা বুঝতে পারছেন কুক নিজেও। যেই অটল আত্মবিশ্বাসের কারণে অ্যান্ড্রু স্ট্রাউসের জায়গায় তাকে অধিনায়ক করা হয়েছিল, কুক জানান সেই অভিজ্ঞতায় চিড় ধরেছে তার। ১০৬ টেস্টে আট হাজারের বেশি রান করা এই বাহাতি বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি যতক্ষণ পর্যন্ত আমি এই দায়িত্ব বইতে পারবো, ততক্ষণ পর্যন্তই এটা বইবো আমি। যদি (এই সিরিজের) বাকি তিন টেস্টে নিজে রান না পাই এবং দলও ঘুরে দাঁড়াতে না পারে, পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে সন্দেহ নেই। ধরে নিতে হবে আমি পরিস্থিতি পাল্টানোর জন্য উপযুক্ত লোক নই।’
নটিংহ্যামে প্রথম টেস্ট ড্র হবার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ইংলিশদের প্রায় একাই হারিয়ে দেন শর্মা। পেস আর বাউন্সের অসাধারণ এক যুগলবন্দিতে ইংলিশদের দ্বিতীয় ইনিংস ধ্বসিয়ে দেন তিনি একাই। এই পেসারের সাত উইকেটে ভারত ৯৫ রানের জয় পায়। লর্ডসে গত আট দশকের মধ্যে এটা ছিল ভারতের মাত্র দ্বিতীয় জয়। আর দেশের বাইরে গত তিন বছরে প্রথম।
লর্ডস টেস্টের ফলাফল আজ ভারতকে প্রথাগত সাত ব্যাটসম্যান খেলানোর পথে উত্সাহিত করতে পারে। সেক্ষেত্রে স্টুয়ার্ট বিনির জায়গা নেবেন রোহিত শর্মা। সর্বশেষ ছয় টেস্টে দুটি সেঞ্চুরি করলেও এই সিরিজে পেস বোলিং অলরাউন্ডার বিনির কাছে জায়গা ছেড়ে দিতে হয় তাকে। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে আজ অভিষেক হতে যাচ্ছে ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে এই মুহূর্তে তাদের অন্যতম বড় তারকা জস বাটলারের। নিয়মিত উইকেটরক্ষক এবং সহঅধিনায়ক ম্যাট প্রিয়রের ফিটনেস ঘাটতিই সুযোগ পাইয়ে দিচ্ছে তাকে।
