তারকা মিডফিল্ডার হুয়ান মাতা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তাদের নতুন কোচ লুইস ফন গাল মাঠে শীষ্যদের অবশ্যই ইংলিশে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। বিসিসি স্পোর্টসকে মাতা বলেন, ‘আমরা ইংলিশে কথা বলি। কোচ বলেছেন, আমাদের অবশ্যই ইংলিশে কথা বলতে হবে।’
চলতি মাসের শুরুতে ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর ম্যানইউ শিবিরে এটাই ফন গালের একমাত্র পরিবর্তন নয়। আসন্ন অভিযানে দলকে উইং-ব্যাকধর্মী খেলানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেই কৌশলে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ইতিবাচক ফল এনে দিয়েছেন এই কোচ। তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে ফন গালের দল।
নতুন কোচের তত্ত্বাবধানে আক্রমণভাগের তিন তারকা মাতা, ওয়েন রুনি এবং রবিন ফন পার্সির কাছ থেকে সর্বোচ্চ নৈপুণ্য পেতে চায় ম্যানইউ। সর্বোচ্চটা আদায় করতে দুই উইং-ব্যাকে বিস্তৃত পরিসরে রক্ষণভাগের দায়িত্ব আক্রমণভাগের ওপর দিতে চান ফন গাল। নবনিযুক্ত কোচের নতুন খেলার ধরন ম্যানইউ’র খেলোয়াড়রা রপ্ত করার চেষ্টা করছে বলে জানালেন মাতা, ‘সত্যি বলতে আমরা নতুন ধরনে খেলার চেষ্টা করছি। আমি জানি না এটা কেমন সময় নেবে। তবে এক দুই মাস সময় লাগতে পারে। কিন্তু আমরা যা করছি তার ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ বিষয়।’ নিজের ব্যাপারে মাতা বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে হয়, আমি যদি দুই স্ট্রাইকারের পেছনে খেলি তাহলে বলবো এটা আমার জন্য ভাল জায়গা হবে। আমি বল খোঁজে নিতে পারবো। এই দায়িত্বে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো।’
খেলার এই নতুন ধরনে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতাকে খুবই প্রয়োজন বলে জানালেন এই স্প্যানিশ ফুটবলার, ‘খেলার এই ধরন অনেক বিপজ্জনক হতে পারে। এ জন্য আপনাকে অবশ্যই ভাল যোগাযোগ করতে হবে এবং পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।’
