কলাবাগানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৩৪
রাজধানীর কলাবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে কলাবাগান ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনিয়ার বাবার নাম জামাল উদ্দীন। তিনি তার পরিবার নিয়ে কলাবাগান ওভারব্রিজ এলাকায় একটি বস্তিতে বাস করেন। প্রত্যক্ষদর্শী শাকিল জানান, সোনিয়া ওভারব্রিজ সংলগ্ন রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তিনি (শাকিল) তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আধাঘন্টা পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, বেলা সাড়ে ১২টায় কলাবাগান ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল সোনিয়াকে ধাক্কা দেয়। শিশুটিকে প্রথমে পাশের মডার্ন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, এ দুর্ঘটনার জন্য দায়ী কাউকে তারা সনাক্ত কিংবা আটক করতে পারেননি।