তরুণীসহ অপহূত দুইজন উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৩৫
গোয়েন্দা পুলিশ টঙ্গী থেকে তরুণীসহ অপহূত দুইজনকে উদ্ধার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে টঙ্গী থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছে এক নারীসহ তিন অপহরণকারী। গ্রেফতারকৃতরা হলেন সোহেল রানা, পারভীন আক্তার ও তার ছেলে মিন্টু। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (উত্তর) আব্দুল আহাদ জানান, গ্রেফতারকৃত পারভীন ও তার ছেলে মিন্টু গত ৬ মে ঐ তরুণীকে তার উত্তরার দক্ষিণখান এলাকার বাসা থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। পরে টঙ্গী এলাকার এক বাসায় আটকে রেখে তাকে অসামাজিক কার্যকলাপে নিয়োজিত করতে বাধ্য করে। এ ঘটনায় তরুণীর বাবা দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ তরুণীকে টঙ্গী কলেজ গেট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে গ্রেফতার করা হয় পারভীন ও মিন্টুকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের শনিবার রাতেই দক্ষিণখান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপর দিকে গত ২১ জুলাই রাতে মতিঝিল এলাকা থেকে অপহূত হন ব্যবসায়ী আব্দুল কাদের লিটন। অপহরণকারীরা লিটনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ২৫ জুলাই মতিঝিল থানায় মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অপহরণকারী সোহেলকে টঙ্গী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহূত লিটনকে। লিটনকে মতিঝিল থানায় সোর্পদ করা হয়েছে।