সাক্ষ্যগ্রহণের জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৩৫
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলা দুটিতে বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে। এদিন রাষ্ট্রপক্ষে মামলা দুটির প্রথম সাক্ষী মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ এর হাজিরা দাখিল করা হয়। এ সময় আসামিদের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতা ও অভিযোগ গঠনের বৈধতা বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশের অপেক্ষায় রয়েছে। ওই আদেশ না পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখা হোক। এছাড়া খালেদা জিয়ার উপস্থিতির জন্য সময়ের আবেদন করেন। তারেক রহমানের পক্ষেও তিনি হাজিরা দাখিল করেন। দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল বলেন, মামলার এ পর্যায়ে সাক্ষ্য গ্রহণে কোন বাধা নেই। সাক্ষ্য নেয়া হোক। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বাসুদেব রায় সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।