মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে অতিরিক্ত ১৮ লাখ ডলারের অনুদান সম্বলিত আইন প্রয়োগকারী এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তির ৪র্থ সংশোধনী গতকাল স্বাক্ষরিত হয়েছে। এ সংশোধনীর আওতায় পুলিশ সহায়তা কর্মসূচি এবং ন্যায়বিচার বিভাগের সংস্কার কার্যক্রম গ্রহণের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে রাষ্ট্রদূত ড্যান মজীনা উক্ত সংশোধনীতে স্বাক্ষর করেন।
রাজধানীর আগারগাঁওস্থ ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। বাড়তি অনুদান সহায়তার মাধ্যমে পুলিশ ট্রেনিং কারিকুলাম সংশোধনের পাশাপাশি পুলিশের তদন্তকাজের দক্ষতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। অন্যদিকে মামলা পরিচালনাকারী প্রসিকিউটরদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হবে। সর্বোপরি এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি দক্ষ পেশাদার মডেল প্রসিকিউটর ইউনিট গড়ে তোলা হবে।
