‘ভারত সফর সবচেয়ে কঠিন’

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৫
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স দিয়ে হয়তো আবারও আলোর পথে ফিরেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট; কিন্তু, ঠিক অ্যাশেজের আগেই অন্ধকার একটা পথ পাড়ি দিতে হয়েছে অজিদের। নিজেদের উত্থান-পতনের দুটোই দেখা আছে অধিনায়ক মাইকেল ক্লার্কের। সেই স্মৃতি থেকে এই প্রসঙ্গে কথা বলতে তিনিই তাই সবচেয়ে যোগ্য লোক। আর অভিজ্ঞতা হাতরে ভারত সফরকেই সবচেয়ে কঠিন বলে মানছেন এই ক্রিকেটার। গত বছর ভারতে ‘হোম ওয়ার্ক’ কেলেংকারি নিয়ে কোন আক্ষেপ নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলের কাছে অজিরা কেবল ০-৪ ম্যাচে টেস্ট সিরিজ পরাজিত হয়নি, তত্কালীন কোচ মিকি আর্থারের দেয়া হোম ওয়ার্ক করতে ব্যর্থ হওয়ায় চার খেলোয়াড়কে টেস্ট দল থেকে বাদ দেয়ায় দলটির মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। ক্লার্কের উদ্ধৃতি দিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্টে বলা হয়, ‘এ পর্যন্ত ভারতের ওই সফরটি ছিলো আমার অধিনায়কত্বের সবচেয়ে কঠিন সময়।’ ক্লার্ক আরো বলেন, ‘অনেক দিনের, অনেক ঘটনার প্রেক্ষিতেই সে সময় ওই ঘটনা (হোম ওয়ার্ক কেলেংকারি) ঘটেছিলো। এটা কেবল এখানেই সীমাবদ্ধ ছিলো না। মিকি বালুতে সীমারেখা টেনে ছিলেন এবং বলে দিলেন— আমি এর অংশ ছিলাম। আমি তার বক্তব্য সমর্থন করলাম; কিন্তু এ জন্য আমার কোন আক্ষেপ নেই। আমি আমার কোচের পক্ষ নিলাম এবং তাকে সমর্থন করলাম। এখন যখন পেছনের দিকে ফিরে তাকাই তখন মনে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল সেটা।’ পরবর্তীতে আর্থারকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয় এবং এরপর ক্লার্ককেই তার ভার বহন করতে হয়। তবে বাম হাতি এ ব্যাটসম্যান জানান, অন্যসব কিছুর চেয়ে তিনি তার দলের ভাবমূর্তি নিয়েই বেশি শংকিত ছিলেন। ক্লার্ক এই প্রসঙ্গে বলেন, ‘মূলত আমি সবচেয়ে বেশি হতাশ এবং আপসেট ছিলাম যে, ভারত সফরে অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ হিসেবে বিবেচিত দলটির অধিনায়কত্ব করছিলাম আমি। আমি নিজেকেই দায়ী করলাম। আমরা বলতাম আমি যা বিশ্বাস করি আপনি যদি বিশ্বের সেরা দলটির অংশ হতে চান তবে স্বেচ্ছায় আপনাকে লাফ দিয়ে একটা ট্রেনে উঠতে হবে এবং সে সময় পুরো দলটি ট্রেনে ছিলো না। সুতরাং যেসব খেলোয়াড়ের জন্য আমাদের অপমান হতে হয়েছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’ এ বছরের প্রথম দিকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী হয়ে ঘুরে দাঁড়ানো অসিরা চলতি মৌসুমে নিজ মাঠে ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দিকে তাকিয়ে আছে। ক্লার্ক বলেন, ‘এখনো আমাদের অনেক কিছু শিখতে হবে। আমাদের দলটির উন্নতি হচ্ছে বলে আমি মনে করি।’ তিনি আরো বলেন, ‘দল হিসেবে আমরা বিশ্বসেরা— এখনো আমি সেটা বিশ্বাস করি না। তবে আমরা যা অর্জন করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। অত্যন্ত কঠিন একটি দল ভারত এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে আসছে এবং তারপর আগামী গ্রীষ্মে আমরা আবার এ্যাশেজ খেলতে ইংল্যান্ড যাচ্ছি। সুতরাং আমাদের সামনে এখনো অনেক কঠিন ক্রিকেট রয়েছে। তবে আমরা তা নিয়ে উত্তেজিত।’ -বাসস/এএফপি