অ্যালিস্টার কুকের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত। তাকে কিছুদিনের জন্য বিশ্রাম দেয়া উচিত। এই টেস্ট শুরুর আগে এ ধরনের কথাই শোনা যাচ্ছিল কেভিন পিটারসেনসহ ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক তারকার কাছ থেকে। অথচ, সেই কুকের নেতৃত্বেই গতকাল সিরিজে নিজেদের সেরা ব্যাটিং পারফরম্যান্স দেখালো ইংল্যান্ড। সাউদাম্পটনের অ্যাজিয়াস বোলে তৃতীয় টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত একটি মাত্র উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১৮৬ রান। কুক খেলছিলেন ৮২ রানে। অন্য প্রান্সে তার সঙ্গী গ্যারি ব্যালান্সের সংগ্রহ ৭২।
সৌভাগ্য দিনের শুরু থেকেই পরশ বুলিয়ে যাচ্ছিল ইংল্যান্ডকে। টসের খানিকক্ষণ আগে জানা যায়, আগের টেস্টেই ইংল্যান্ডকে বিধ্বস্ত করা ইশান্ত শর্মা চোটের কারণে খেলতে পারছেন না। তার বদলে নামানো হয় পঙ্কজ সিংকে। এরপর মহেন্দ্র সিং ধোনিকে টস ভাগ্যে হারিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুক। সেখানেই শেষ নয়।
অভিষিক্ত পঙ্কজের বলেই তৃতীয় স্লিপে রবীন্দ্র জাদেজার হাতে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক। জীবন ফিরে পাওয়া কুক দিনের অবশিষ্ট সময়টা ছিলেন আস্থার প্রতিমূর্তি। প্রথমে নিজের ওপেনিং সহযোগী স্যাম রবসনকে নিয়ে তুলে ফেলেন ৫৫ রান। যা কিনা গত দশ ইনিংসে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ! আর এই সিরিজে দুই দল মিলেই সর্বোচ্চ! এরপর ভুবনেশ্বর কুমারের বলে জাদেজার হাতে ধরা দিয়ে রবসন ফিরলেও দ্বিতীয় উইকেটে গ্যারি ব্যালান্সকে সাথে নিয়ে প্রায় দেড় সেশন কাটিয়ে দেন কুক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জুটিতে সংগৃহীত হয়েছে ১৩১ রান।
পাঁচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হবার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ৯৫ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে আছে ভারত।
