সুইসাইড সাইফুল

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২১:৫১
জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় নাটক ‘সুইসাইড সাইফুল’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, শামীম জামান প্রমুখ। গল্পে দেখা যাবে, সাইফুল প্রচণ্ড অভিমানী এক যুবক। সামান্য কারণে যে বারবার আত্নহত্যা করতে রওনা দেয়। ইতোমধ্যে বেশ কয়েকবার এই প্রচেষ্টায় ব্যর্থ হলেও গ্রামে তার নাম হয়ে যায় সুইসাইড সাইফুল। নাটকের শুরুতেই দেখা যায়, সাইফুল রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাত্ একটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়। যতটা ব্যথা পায় তার চাইতে রেগে যায় বেশি। অন্যদিক দিয়ে আসা গ্রামের ছোট ভাই ফটিক দৃশ্যটা দেখে হেসে ফেলে। সাইফুল রাগ করে হনহন করে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢোকে। মনের দুঃখে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে দড়ি খুঁজে নেয়। স্ত্রী আলতা সেটা দেখেও বিরক্ত হয়ে ওকে তাড়িয়ে দেয়। সাইফুলের স্ত্রী আলতা রাগে গজগজ করতে করতে কাপড় ভাঁজ করে বাবার বাড়ি চলে যেতে চায়। কারণ সাইফুলের এই আচরণ সে একেবারেই পছন্দ করে না। এর আগে গ্রামের এক ছেলের সাথে রাগ করে ভেজাল বিষ খেয়ে সাতদিন ডাইরিয়া হয়ে বাথরুমে দৌড়াদৌড়ি করেছে। এভাবেই এগিয়ে যায় কাহিনী।