ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে জাহিদ হাসানের ৫ খণ্ডের ধারাবাহিক ‘জঙ্গী জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, হীরা, শামীম জামান, আ খ ম হাসান, তুষার খান, ডি এ তায়েব, তোফা হাসান, ফারহানা মিঠু প্রমুখ।
জাহাঙ্গীর একজন জঙ্গি সংগঠনের সিনিয়র সদস্য। বান্দরবানের পাহাড়ি এলাকায় কমান্ডার হিসেবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি ট্রেনিং দিলেও সে একটা নার্ভাস টাইপের ছেলে। এ জন্য তার লিডার মুফতি রুমী ক্ষুব্ধ। কারণ জাহাঙ্গীর একটা ছেলেকেও পরিপূর্ণ জঙ্গি বানাতে পারেনি। রুমী গালমন্দ করে তার টিমের ভাতা বন্ধ করে দেয়। সাগরেদদের ভরণপোষণের দায়িত্ব নিয়ে বিপদে পড়ে সে। জাহাঙ্গীরের একজন সাগরেদ ফরিয়াদ বিষয়টি বুঝতে পারে। জাহাঙ্গীর তাকে নিয়ে কী করা যায় চিন্তা করে।
ডিভোর্সি বিলকিস আমেরিকা থেকে ছেলে আরিয়ানকে নিয়ে দেশে আসে। তার মন ভালো করার জন্য ভাগ্নি লেখা তাকে বান্দরবান নিয়ে যায়। লেখা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে। পুরো নাম জুলেখা, সংক্ষেপে লেখা নাম ব্যবহার করে। তারা বান্দরবান গিয়ে যে রিসোর্টে ওঠে তার পাশেই জাহাঙ্গীরের ট্রেনিং সেন্টার। ফরিয়াদের মাধ্যমে আমেরিকা প্রবাসী পরিবারের খবর পেয়ে জাহাঙ্গীর ধাপে ধাপে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। আর এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।
