তরুণীদের মদপানে ক্যান্সার

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:০৬
মদ বা এলকোহল পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা সবারই কম বেশি জানা। তারপরও সখের বসে হোক আর নেশার কারণেই হোক অনেকে মদ্যপান করে থাকেন। আর এই মদপান নিয়ে একটা উদ্বেগজনক তথ্য দিয়েছেন মার্কিন গবেষকগণ। আর তা হচ্ছে তরুণীরা যদি নিয়মিত মদপান করেন তবে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বয়োপ্রাপ্তির পর হতে কোন তরুণী বা কিশোরী যদি মদপান শুরু করেন এবং যদি এটা নিয়মিত পান করেন তবে তার ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ১৩ ভাগ বেশি। বিশেষজ্ঞগণ এটাও বলেছেন, অ্যালকোহল, বিয়ার বা হার্ড লিকার যেটাই হোক না কেন যদি স্বাভাবিকের চেয়ে বেশি পান করা হয় তবে ক্যান্সারের ঝুঁকি ১৫ ভাগ বেশি। এ ব্যাপারে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞগণ বলছেন, যেসব তরুণীরা মদপান করেন তাদের সাধারণ ব্রেস্ট ডিজিজের ঝুঁকি বেশি এবং এটা থেকেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। মদপান থেকে তরুণীদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কেন বেশি তারও একটি ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশেষজ্ঞদের মতে বাড়ন্ত তরুণীদের ব্রেস্ট টিস্যু দ্রুত বর্ধনশীল এবং যা ক্যান্সার সৃষ্টিতে উপযোগী হয় নিয়মিত এ্যালকোহল পান করলে। আর বয়োপ্রাপ্তি বা সাবালিকা হওয়ার পর থেকে প্রথম সন্তান ধারণ পর্যন্ত এসময়টা বেশি ঝুঁকিপূর্ণ। তবে গবেষণার প্রধান ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সহকারী পরিচালক ড: গ্রাহাম কোলডিজ-এর অভিমত: মদ্যপানের মাত্রা কমিয়ে দেয়া গেলে তরুণীদের স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করা সম্ভব। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ