শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না সরকার :আশরাফ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:০৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঈদের পর বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে সংঘাতের কোনো আশঙ্কা দেখি না। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলটি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। বৃহস্পতিবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঈদের ছুটি শেষে সচিবালয়ে নিজ দফতরে আসেন সৈয়দ আশরাফ। প্রথমেই তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে আসা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, তারা নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ে এগোতে চান। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগও মাঠে থাকার পাল্টা ঘোষণা দেয়ায় জনগণের মধ্যে গত বছরের মতো সংঘাত-সহিংসতার আশঙ্কা তৈরি হয়।