দুই সেলুনে আগুন, দগ্ধ ৮

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:০৭
রাজধানীর মোহাম্মদপুর ও বাড্ডায় ঘণ্টার ব্যবধানে দুইটি সেলুন দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুই দোকানের মালিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিত্সক। স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের ৭৬/৫/২/এ নম্বর সাদেক খান রোডের (রাজের বাজার) নুপুর হেয়ার স্টাইল নামের সেলুনের দোকানে ভোর সাড়ে ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দোকানের ভেতরে থাকা চারজন আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠায়। মোহাম্মদপুর থানার এসআই মাহফুজার রহমান মাহফুজ বলেন, আহতদের সাথে কথা বলে জানা গেছে, দোকানের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে। তবে অন্য কিছু বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ঐদিন ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডার নতুন রাস্তায় জয় হেয়ার কাটিং নামে একটি সেলুনে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে চারজন আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠায়।