আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল এবং স্পিনার অজন্তা মেন্ডিজকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
ইনজুরির কারণে সমপ্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে না থাকা ফাস্ট বোলার নুয়ান প্রদীপ দলে ফিরেছেন। এ সপ্তাহের প্রথম দিকে অভিষেকেই দারুণ নৈপুণ্য দেখানো তরুণ নিরোশান ডিকবেলা উইকেটরক্ষক হিসেবে অবস্থান ধরে রেখেছেন। অপরদিকে সেরা একাদশে জায়গা নিশ্চিত না হলেও সহ-অধিনায়ক হিসেবে আছেন লাহিরু থিরিমান্নে।
চান্ডিমাল খারাপ খেলার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গলের দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিংহলীজ স্পোর্টস ক্লাবে তিন স্পিনার নিয়েও শ্রীলঙ্কার হারে মেন্ডিজের দল থেকে বাদ পড়াটা ছিল স্বাভাবিক। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ৬ আগস্ট গলে শুরু হবে।-বাসস
