কমনওয়েলথ গেমস

কেমার ও ব্লেসিং দ্রুততম মানব মানবী

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:২৫
জ্যামাইকান কেমার বেইলি-কোল ও নাইজেরিয়ার ব্লেসিং ওকাগবারে ২০তম কমনওয়েলথ গেমসের দ্রুততম মানব ও মানবী হয়েছেন। গত সোমবার রাতে স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পডন পার্কে ১০ সেকেন্ডে দৌড়িয়ে দ্রুততম মানব হওয়ার কৃতিত্ব দেখান বিশ্বসেরা স্পিন্টার বোল্টের ২২ বছর বয়সী স্বদেশী বেইলি-কোল। শুরুতে তিনি কিছুটা স্লথ হলেও মাঝ বরাবর গিয়ে তিনি টপকে যান ইংল্যান্ডের স্প্রিন্টার অ্যাডাম জেমিলিকে (১০.১০)। বেইলি-কোল এই প্রথম বড় কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এককভাবে শিরোপা জিতলেন। অবশ্য অলিম্পিক চ্যাম্পিয়ন উসেইন বোল্ট ইভেন্টটিতে অংশ নিচ্ছেন না বলেই সুযোগটি কাজে লাগালেন তারই অনুশীলন সঙ্গী কেমার। এই ইভেন্টে তৃতীয় হন আরেক জ্যামাইকান নিকেল অ্যাশমেড (১০.১২)। বোল্ট এবার শুধু চার গুণীতক ১০০ মিটারের রিলেতে দৌড়াবেন। তবে এ সাফল্যের জন্য স্বদেশী কেমারের প্রশংসা করেছেন তিনি। নাইজেরিয়ান ব্লেসিং ওকাগবারে মেয়েদের ১০০ মিটারের দৌড়ে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে কমনওয়েলথ দেশগুলোর দ্রুততম মানবীতে পরিণত হন। মস্কোয় ২০০৩ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ব্রোঞ্জ জয়ী ওকাগবারের নেয়া সময়টি হলো গেমসের নতুন রেকর্ড। তার কাছে হার মানেন জ্যামাইকার বিখ্যাত মহিলা স্প্রিন্টার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন (১১.০৩)। ব্রোঞ্জ পদক পান ভেরোনিকারই স্বদেশী কেরন স্টুয়ার্ট (১১.০৭)। এদিকে ওকাগবারে লং জাম্প ও ২০০মিটার দৌড়েও স্বর্ণ জেতার আশা করছেন।