এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে মোহন খানের নাট্যরূপ ও পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘বাগানে ফুল ছিল না’। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে
নাটকটি। অভিনয়ে তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, মৌসুমী হামিদ, তানিয়া, গোলাম ফরিদা ছন্দা, জর্জ, আরিয়ন এবং
রাশা।
রঞ্জু ও রুমি তাদের প্রেমিকা নিম্মি ও লিজাকে নিয়ে ব্যাংকক যায়। ব্যাংককে আছে রঞ্জুর ঘনিষ্ঠ বন্ধু খসরু। খসরু এক সময় একটি রাজনৈতিক দলের ক্যাডার ছিল। বেশ কয়েক বছর ধরে সে ব্যাংককে পড়ে আছে। দেশে ফিরতে পারে না। পাতায়াতে সে একটি রিসোর্ট চালায়। টাকা-পয়সার অভাব নেই। রঞ্জুরা আসবে জেনে সে বন্ধুকে বলে দেশ থেকে একটি ভালো সুন্দরী মেয়ে নিয়ে আসতে সে বিয়ে করবে।
কিন্তু অল্প সময়ে আসতে হয় বলে রঞ্জু তেমন কাউকে যোগাড় করতে পারে না। এদিকে খসরু মনে মনে ধরে নেয় লিজাই বুঝি
তার হবু বউ, সেভাবেই সে মিশতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত একটি অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে লিজার ঘটনার সমাপ্তি ঘটে।
খসরু তখন ক্ষেপে গিয়ে রঞ্জুর প্রেমিকা নিন্মির সাথে ঘনিষ্ঠ ভাবে মিশতে থাকে। এক পর্যায়ে রঞ্জু লক্ষ করে খসরু ও নিম্মির সাথে
সম্পর্ক জমে গেছে। অনেক চেষ্টা রাগারাগি করেও রঞ্জু সে সম্পর্কে ফাটল ধরাতে পারে না। লেগে যায় দুই বন্ধু রঞ্জু ও খসরুর
মধ্যে। এ সময় গল্পে আবির্ভূত হয় রাশা নামে একটি মেয়ে, সে ব্যাংককে পড়াশোনা করে। খুব স্বল্প সময়ে রাশা রঞ্জু এবং খসরু
দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। গল্প তখন মোড় নেয় এক নতুন মাত্রায়।
