থাইল্যান্ডের নতুন পার্লামেন্টে সামরিক বাহিনীর আধিপত্য

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১১
সামরিক বাহিনীর আধিপত্যের মধ্য দিয়ে থাইল্যান্ডের নতুন পার্লামেন্ট গঠিত হয়েছে। থাইল্যান্ডের সামরিক জান্তা গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের ২০০ সদস্যকে মনোনয়ন দিয়েছে, যাদের বেশিরভাগই এসেছে নিরাপত্তা বাহিনীগুলো থেকে। দ্য নেশন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টে ১০০ জনেরও বেশি সামরিক বাহিনী থেকে এবং ১১ জন পুলিশ বাহিনী থেকে নেয়া হয়েছে। অবশিষ্টদের মধ্যে শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং দেশটির ক্ষমতাচ্যুত নেতা থাকসিন সিনাওয়াত্রার বিরোধী রাজনীতিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পার্লামেন্ট একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিবে। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচাই হবেন সেই ব্যক্তি। প্রধানমন্ত্রী হলে তিনি মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করবেন। এদিকে, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ বৃহস্পতিবার রাতে থাই টেলিভিশনে পার্লামেন্টকে তার আনুষ্ঠানিক অনুমোদন দেন। কয়েক মাসব্যাপী রাজনৈতিক অচলাবস্থার পর এ বছরের ২২ মে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রার সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। তখন থেকেই সামরিক বাহিনী একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে আছে। এর ফলশ্রুতিতে আগামী বছরে একটি সাধারণ নির্বাচনে সময়সীমাও দিয়েছিল তারা। কিন্তু সামপ্রতিক সময়ে তাদের কর্মকাণ্ড সামরিক বাহিনীর ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারেই ইঙ্গিত দিচ্ছে।