‘রাশিয়ার হামলা মোকাবিলায় ন্যাটো অপ্রস্তুত’

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১১
কোনো সদস্যরাষ্ট্রের ওপর রাশিয়ার হামলা মোকাবিলায় ন্যাটো ‘অপ্রস্তুত’ বলে যুক্তরাজ্যের এমপিদের প্রভাবশালী একটি গ্রুপ দ্য কমন্স ডিফেন্স কমিটি সতর্কতা উচ্চারণ করেছে। সমপ্রতি ঐ কমিটির দেয়া এক প্রতিবেদনে এই সতর্কতা জানানো হয়েছে। এমপিদের গ্রুপটি বলেছে, সামপ্রতিক ইউক্রেন সংঘাত ন্যাটোর প্রস্তুতিতে ‘গুরুতর ত্রুটিসমূহ’ প্রকাশ করেছে এবং এগুলো দূর করতে ‘মৌলিক সংস্কার’ প্রয়োজন। প্রচলিত হামলার ঝুঁকি কম থাকার কথা বললেও ঐ ব্রিটিশ এমপিরা সাইবার-হামলা এবং অনিয়মিত মিলিশিয়া ব্যবহারের মতো পদ্ধতির ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। ‘হামলা ঠেকানোর জন্য সমন্বিত ব্যবস্থা নিতে যৌথ রাজনৈতিক ইচ্ছা’ ন্যাটোর নাও থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা। তারা আরো বলেছেন, অনুচ্ছেদ পাঁচের প্রতি সম্মান প্রদর্শন করে রাশিয়ার সঙ্গে মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিতে জনসমর্থন না থাকতে পারে। উল্লেখ্য, অনুচ্ছেদ পাঁচ অনুসারে কোনো সদস্যরাষ্ট্র আক্রান্ত হলে ন্যাটোর সব সদস্য সেই রাষ্ট্রটিকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত মে মাসে দ্য কমন্স ডিফেন্স কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত টোরি দলের এমপি রয় স্টুয়ার্ট বলেছেন, ‘ন্যাটোর কোনো সদস্যরাষ্ট্রের ওপর রাশিয়া কর্তৃক হামলার ঝুঁকি তাত্পর্যপূর্ণ। আমরা নিশ্চিত নই যে, ন্যাটো এই ঝুঁকির জন্য প্রস্তুত।’ কমিটির দেয়া প্রতিবেদনে যে পরিবর্তনগুলোর আহবান জানানো হয়েছে তার মধ্যে রয়েছে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াসহ ‘অরক্ষিত’ বাল্টিক দেশগুলোতে ন্যাটো বাহিনী এবং সামরিক সরঞ্জামাদির লাগাতার উপস্থিতি প্রতিষ্ঠা করা। এদিকে ন্যাটো বলেছে, তারা ঐ কমিটির সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবে।