ইউক্রেনে বিদ্রোহী হামলায় ১০ সেনা নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১২
পূর্ব ইউক্রেইনের দোনেস্কে মালয়েশীয় বিমান বিধ্বস্ত হওয়া গ্রামের কাছে সেনাবাহিনীর এক বহরে হামলা চালিয়েছে রুশপন্থি বিদ্রোহীরা। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতের ওই হামলায় ১০ সেনা সদস্য নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা অন্তত ২০ হবে বলে স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে। সেনাবাহিনীর ৩০টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবারই প্রথমবারের মতো বিমান বিধ্বস্ত হওয়ার স্থল রাভোবো গ্রাম পরিদর্শনের সুযোগ পেয়েছেন নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার পর্যবেক্ষকরা। গত ১৭ জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৭ ফ্লাইট ভূপাতিত হওয়ার পর ইউক্রেইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের কারণে ঘটনাস্থলে যেতে পারেনি তদন্ত দল। বৃহস্পতিবার আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে ঘটনাস্থলে যাওয়ার সুযোগ করে দিতে একদিনের জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখে সেনাবাহিনী। এদিকে শুক্রবারই পাশের দেশ বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেইন প্রতিনিধি দলের সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হবে বলে শোনা যাচ্ছে। বৈঠকে রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ বা ওএসসিই’র প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।