মিসরে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২ আহত ১০

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১২
মিসরে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কায়রোর পশ্চিমে মেনিয়ায় এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় এক ওয়েব সাইটের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। -খবর জিনহুয়ার। রাষ্ট্রীয় ওয়েব সাইট আহরামের ঐ প্রতিবেদনে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেনিয়ার দুই গ্রামের স্থানীয় মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে বিবাদ হয়। এসময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি চালায়। এতে করে দুই পক্ষেই একজন করে নিহত হয়। এছাড়া আহত হয় আরো ১০ জন। পরে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত বছরও এ দুই গ্রামের স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত ও ১২ জন আহত হয়। পরে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।