সংবাদ কণিকা

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১৩
চীনে বৃদ্ধ-বৃদ্ধাদের সামনে দুঃসময় চীনের মোট জনসংখ্যার বড় একটা অংশই বৃদ্ধ-বৃদ্ধা। ২০৩০ সাল নাগাদ সংখ্যাটা বেড়ে যাবে অনেক। তখন দেখা দেবে ভয়াবহ সংকট। প্রবীণদের মাঝেও এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এসব ব্যাপারকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে বৃদ্ধাশ্রম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু জনসংখ্যার চাপে আবাসন সমস্যা এত বেড়েছে যে, বৃদ্ধাশ্রম করার জায়গা পাওয়াও মুশকিল। তবুও এসব পরিস্থিতিতেই কাজ চলছে। এ পর্যন্ত যে কয়টি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। এখন পর্যন্ত গড়ে এক হাজার প্রবীণের জন্য মাত্র ২৫টি শয্যার ব্যবস্থা করতে পেরেছে সরকার। বেসরকারিভাবেও চলছে শেষজীবনে প্রবীণদের একটু স্বস্তি দেয়ার চেষ্টা। —এএফপি মসুলে বোরকা ছাড়া চলাফেরা নিষিদ্ধ ইরাকের মসুলের মেয়েদের বোরকা ছাড়া চলাফেরা করতে নিষেধ করেছে ইসলামিক স্টেট। শহরটির দখল নেয়ার এক মাসের মাথায় জঙ্গি সংগঠনটি মসজিদে ঢুকে ইমামকে তাঁদের এ সিদ্ধান্তের কথা মাইকে পড়ে শোনাতে বাধ্য করছে। কিছুদিন আগেও ইসলামী এই ‘জঙ্গি’ সংগঠনের নাম ছিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল)। সমপ্রতি ঘোষণা দিয়েই নাম পরিবর্তন করেছে তারা। এখন সংগঠনটির নাম ‘ইসলামিক স্টেট’। তারা এক বিবৃতিতে দাবি করেছে বোরকা পরতে বাধ্য করার উদ্দেশ্য নারী স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং ভ্রষ্টাচার এবং অশ্লীলতা রুখতেই এই ব্যবস্থা। নারীদের বোরকা পরার পাশাপাশি কোন রকমের প্রসাধনী ব্যবহার না করারও নির্দেশ দিয়েছে ইসলামিক স্টেট। —রয়টার্স নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দিল ড্রোন ড্রোনের সহায়তায় তিন দিন ধরে নিখোঁজ বৃদ্ধের খোঁজ মিলেছে মাত্র ২০ মিনিটে! যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা গিয়েরমো ডিভেনেশিয়ার খোঁজে সংঘবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরই ড্রোনের সাহায্যে খোঁজ মেলে এই আলঝেইমার আক্রান্ত বৃদ্ধের। সামান্য সময়েই ডিভেনেশিয়ার খোঁজ পায় ড্রোনটি। সাধারণত নিজের স্কেটবোর্ডিং আর স্কি করার ভিডিও তৈরিতেই ড্রোনটি ব্যবহার করতেন ঐ এলাকার বাসিন্দা লিশ। স্থানীয় বাসিন্দারা জোটবদ্ধ হয়ে নিখোঁজ বৃদ্ধের খোঁজে নামছে শুনে তাদের সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন লিশ। অভিযান শুরুর ২০ মিনিটের মাথায় ডিভেনেশিয়াকে খুঁজে পায় তার ড্রোন। ৮২ বছর বয়সী গিয়েরমো ডিভেনেশিয়া আলঝেইমার রোগী। উদ্ধার হলে তিনি জানান, তিনি কিছু সময়ের জন্য ‘হাঁটতে বেরিয়েছিলেন’। —বিবিসি