রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে একটি প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় চার আরোহী আহত হয়েছেন। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ওই গাড়ির চারজন আহত হয়েছেন। এদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কমলাপুর রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মো. হুমায়ন কবির বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস কমলাপুরে ঢোকার মুখে মালিবাগ রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। সিগন্যাল অমান্য করে প্রাইভেটকারটি লাইনে উঠে পড়ায় ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়।
